২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধের দ্বিতীয় দিন

ভারতীয় শুল্ক কর্তৃপক্ষের ‘অযৌক্তিক’ নিয়ম চালুর প্রতিবাদে সেদেশের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে দ্বিতীয় দিনের মতো পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রেখেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2011, 03:34 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

দিনাজপুর, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় শুল্ক কর্তৃপক্ষের ‘অযৌক্তিক’ নিয়ম চালুর প্রতিবাদে সেদেশের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে দ্বিতীয় দিনের মতো পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রেখেছে। মঙ্গলবার সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়। বুধবারও তা অব্যাহত থাকে। তবে সাধারণ নাগরিকরা চলাচল করছে বলে জানায় হিলি কাস্টমস পুলিশ ও সিএন্ডএফ এজেন্ট। নতুন নিয়মে দেড়শ’ কিলোমিটার দূর থেকে পণ্য রপ্তানির অনুমতি আনতে হবে বলে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক কুমার মণ্ডল জানান। বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাসেম আজাদ ভারতের অশোক কুমার মণ্ডলের বরাত দিয়ে জানান, মঙ্গলবার মালদা শুল্ক কর্তৃপক্ষের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক হয়েছে। কিন্তু সেখানে কোনো সমঝোতা না হওয়ায় পণ্য আমাদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বাংলাদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে হিলি কাস্টমস কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি (টেন্ডার পাস) নিতে হয় ভারতের ব্যবসায়ীদের। সম্প্রতি এই টেন্ডার পাসের অনুমতি মালদা কাস্টমস থেকে নেওয়ার আদেশ জারি করে শুল্ক কর্তৃপক্ষ। সরকারের এই আদেশের ফলে এখন দেড়শ’ কিলোমিটার দূরে গিয়ে ভারতীয় ব্যবসায়ীদের অনুমতি আনতে হবে। হিলি কাস্টমস পুলিশের ওসি নুরুল ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবারও এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১২৭ ঘ.