ভোলা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার মনপুরা উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জাকির বাহিনীর প্রধান জাকিরসহ ১০ জলদস্যু ও এক জেলে নিহত হয়েছে।
নিহত জেলে বিল্লাল বন্দুকযুদ্ধের সময় ‘ক্রসফায়ারে’ মারা যান বলে জানায় পুলিশ। এ সময় একজন পুলিশ সদস্য আহত হয়।
জাকির ছাড়া নিহত আরেক জলদস্যুর নাম জানা গেছে। তিনি হলেন- বিশু। মনপুরার চর নিজাম পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কামাল নিহতদের নাম নিশ্চিত করেন।
বিল্লালের বাড়ি মনপুরা উপজেলায়। বাকি নিহত জলদস্যু ও আহত পুলিশের নাম জানা যায়নি।
বুধবার রাত ১১টায় চর নিজাম পুলিশ ফাঁড়িতে ১০ জলদস্যু ও এক জেলের সুরতহাল হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ভোলার চরফ্যাশন থানার ওসি রিয়াজ হোসেন।
রাত সাড়ে ১১টায় তিনি বলেন, ঘন কুয়াশা ও অন্ধকারের কারণে ভোলা থেকে আসা এসপিসহ কোনো কর্মকর্তা ফিরে যেতে পারেননি। বৃহস্পতিবার সকালে কুয়াশা কাটলে লাশগুলো ভোলায় নিয়ে ময়নাতদন্ত করা হবে।
ভাসানচরের অদূরে সাগর মোহনায় পুলিশ ও জলদস্যুদের মধ্যে বন্দুকযুদ্ধ হয় দুপুর ২টার দিকে।
ঘটনাস্থল থেকে ২টি কাটা রাইফেল, দেশি অস্ত্র ও গুলি উদ্ধারের কথা বিকেল ৫টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন উপ-পরিদর্শক কামাল।
সে সময় তিনি বলেন, “ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের পর ১০ জলদস্যুকে আটক করা হয়।”
তবে আটকের বিষয়টি অস্বীকার করে সন্ধ্যা সাড়ে ৬টায় চরফ্যাশন থানার ওসি রিয়াজ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জলদস্যু দমনে পুলিশের একটি দল সাগরে অভিযান চালায়। দুপুরে ডাকাতির প্রস্তুতির সময় জলদস্যুদের দেখতে পেয়ে পুলিশ তাদের ধাওয়া করে।
“এক পর্যায়ে জলদস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি করে। প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে ১০ জলদস্যু নিহত হয়।”
এ সময় ক্রসফায়ারে সাগরে মাছধরা অবস্থায় এক জেলেও নিহত হয় বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/পিডি/০১০৭ ঘ.
bdnews24