ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট রুলস-১৯৮১ সংশোধন করে ৭৪৪ জন চিকিৎসকের পদোন্নতি কেন আইন বহির্ভূত ঘোষণা করা হবে না, সরকারকে তার কারণ জানাতে বলেছে হাইকোর্ট।
পদোন্নতি বঞ্চিত ২১ চিকিৎসকের এক রিট আবেদনে বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকারের বেঞ্চ এ আদেশ দেয়।
একইসঙ্গে ওই সংশোধনী কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তাও জানাতে বলা হয়েছে। স্বাস্থ্য সচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ আট জন এর জবাব দিতে চার সপ্তাহ সময় পেয়েছেন।
রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন, ড. শাহদীন মালিক, সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।
টুটুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৫ এপ্রিল ওই বিধিমালাটি সংশোধন করা হয়। পরে ১ নভেম্বর এই সংশোধনীর ভিত্তিতে ৭৪৪ জন চিকিৎসককে পদোন্নতি দেওয়া হয়।
এতে ২১ চিকিৎসক সংক্ষুব্ধ হয়ে ওই সংশোধনী ও পদোন্নতির বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনটি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৭৪৩ ঘ.
bdnews24