খাগড়াছড়ি/রাঙামাটি, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক মটর সাইকেল চালক খুনের পর উত্তেজিত বাঙালিদের হামলায় খাগড়াছড়ির দীঘিনালায় এক পাহাড়ি নারী নিহত হয়েছে।
বুধবার রাঙামাটির বাঘাইছড়িতে বাঙালি মটর সাইকেল চালক আব্দুস সাত্তারের (২৭) লাশ উদ্ধার হয়। তার বাড়ি খাগড়াছড়ির দীঘিনালার কবাখালী এলাকায়।
সাত্তারের মৃত্যুর খবর পেয়ে দীঘিনালায় বাঙালিদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে কবাখালী এলাকায় একটি যাত্রীবাহী বাসে চড়াও হয় বাঙালিরা।
তখন ইটের আঘাতে কাংগরিমা ছড়ার বাসিন্দা চিগন মিলা চাকমা (৪৩) আহত হন বলে পুলিশ জানায়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
দীঘিনালা থানার ওসি শাহাদাৎ হোসেন টিটু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে দীঘিনালা স্টেশন থেকে যাত্রীবাহী একটি জিপে ওঠেন চিগন মিলা। জিপটি কবাখালী এলাকায় পৌঁছলে উত্তেজিত বাঙালিদের একটি মিছিল থেকে গাড়িতে ইট ছোড়া হয়। এতে চিগন গুরুতর আহত হন।
চিগনকে খাগড়াছড়ি হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
হামলায় জিপের যাত্রী বিজয় বিকাশ চাকমা (২৫), জীতেন চাকমা (৫১), তপন জ্যোতি চাকমা (১৫)সহ কয়েকজন পাহাড়ি আহত হন বলে জানান ওসি।
পুলিশ কর্মকর্তা শাহাদাৎ জানান, চিগন মিলা সকালে স্বামী জিতেন চাকমাকে নিয়ে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে যান চিকিৎসার জন্য। সেখান থেকে ফেরার পথেই তিনি হামলার শিকার হন।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কবাখালী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার (এএসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কেউ উস্কানি দেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আব্দুস সাত্তার ভাড়ায় যাত্রী পরিবহন করতেন। মঙ্গলবার রাতে দীঘিনালা থেকে দুজন যাত্রী নিয়ে তিনি রাঙামাটির বাঘাইছড়িতে যান। সকালে ওই উপজেলার রূপকারী ইউনিয়নের ভক্তপাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাত্তারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা মটর সাইকেল ছিনিয়ে নেয় বলে পুলিশের ধারণা।
লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দীঘিনালা থেকে সাত্তার মটর সাইকেলে দুই যাত্রীকে নিয়ে বাঘাইছড়িতে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। সকালে লাশ পাওয়া যায়।
সাত্তারকে পাহাড়িরা হত্যা করেছে বলে সন্দেহ বাঙালিদের। সাত্তারের লাশ উদ্ধারের পর পাহাড়ি-বাঙালি উত্তেজনায় বাঘাইছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।
এদিকে এই ঘটনায় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙামাটি জেলা কমিটি আলাদা বিবৃতিতে ঘটনার জন্য একে অন্যকে দোষারোপ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/২০১২ ঘ.
bdnews24