ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন আয়োজনের অনুরোধ জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাঠানো চিঠির জবাবে নির্বাচন কমিশন বলেছে, সময় স্বল্পতার কারণে তারা এ নির্বাচন করছে না।
বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচন করতে না পারার কারণ ব্যাখ্যা করে একটি চিঠি দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবরে পাঠানো হয়েছে।”
সময় স্বল্পতাসহ তিনটি কারণের উল্লেখ করে ইসির চিঠিতে বলা হয়েছে, “৯০ দিনের মধ্যে সুষ্ঠ, গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে কমিশন সিদ্ধান্ত নিয়েছে।”
প্রধান বিরোধী দলের প্রবল বিরোধিতার মধ্যে সরকার গত ২৯ নভেম্বর স্থানীয় সরকার আইন (সিটি কর্পোরেশন) সংশোধনের বিল জাতীয় সংসদে পাস করে। এর মধ্য দিয়ে ঢাকা সিটি কর্পোরেশন ভেঙে উত্তর ও দক্ষিণে আলাদা দুটি সিটি কর্পোরেশন হয়।
গত ১ ডিসেম্বর এ আইনের গেজেট প্রকাশের পর দুই কর্পোরেশনের ওয়ার্ডের তালিকা করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। ইতোমধ্যে দুইজনকে প্রশাসক হিসেবে নিয়োগও করা হয়েছে।
সংশোধিত আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের অনুরোধ জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় গত ৪ ডিসেম্বর কমিশনকে চিঠি দেয়।
কিন্তু প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা সোমবারই সাংবাদিকদের জানিয়ে দেন, মেয়াদের শেষ সময়ে চলে আসায় বর্তমান নির্বাচন কমিশন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করবে না। আর সেক্ষেত্রে আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন করাও সম্ভব হবে না।
বর্তমান কমিশনের মেয়াদ শেষ হচ্ছে ফেব্র“য়ারির মাঝামাঝি সময়ে। আর আইন অনুযায়ী গেজেট জারির পর ৯০ দিন পুরো হবে ২৮ ফেব্র“য়ারি।
এর প্রতিক্রিয়ায় স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মঙ্গলবার বলেন, সংশোধিত আইনে গেজেটের ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলা হয়েছে। তা সম্ভব না হলে পরবর্তী ৯০ দিনে নতুন ইসি ভোট করবে।
“আইনের মধ্যে থেকেই ১৮০ দিনের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণে আলাদা নির্বাচন করবে নতুন ইসি”, যোগ করেন তিনি।
নির্বাচন করার বিষয়ে ‘হ্যাঁ’ বা ‘না’ বলার অধিকার নির্বাচন কমিশনের নেই বলেও মন্তব্য করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/জেকে/১৫৪০ ঘ.
bdnews24