ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের মেধাবী সন্তানদের এ দেশীয় দোসরদের সহায়তায় বাসা থেকে তুলে নিয়ে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী।
তাদের নিধনের তালিকা থাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক, চিকিৎসক, শিল্পী, লেখক, সাংবাদিকসহ বহু খ্যাতিমান বাঙালিদের বুধবার সশ্রদ্ধভাবে স্মরণ করবে বাংলাদেশের মানুষ।
বলা হয়, পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি বাহিনী এ নিধনের কাজটি করে, যার উদ্দেশ্য ছিলো স্বাধীনতার পর যেন বাংলাদেশের পুনর্গঠন বাধাগ্রস্ত হয়।
শহীধ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেওয়া পৃথক বাণীতে তাদের স্মরণ করেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানী বাহিনী। এর দুদিন আগে (১৪ ডিসেম্বর) তাদের এ দেশীয় সহযোগী রাজাকার, আলবদর ও আলশাম্স বাহিনীর সদস্যরা বুদ্ধিজীবীদের ধরে অজ্ঞাতস্থানে নিয়ে যায়।
পরে শরীরে নিষ্ঠুর নির্যাতনের চিহ্নসহ জাতির শ্রেষ্ঠ সন্তানদের লাশ পাওয়া যায় মিরপুর ও রায়েরবাজার এলাকায়। পরে তা বধ্যভূমি হিসেবে পরিচিত হয়ে ওঠে।
শহীদদের স্মরণে রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, “জাতির সূর্যসন্তান বুদ্ধিজীবীরা দেশের বিভিন্ন সংকটে জাতিকে বুদ্ধি ও পরামর্শ দিয়ে কাণ্ডারীর ভূমিকা পালন করেন। তাদের সৃজনশীলতা ও অসা¤প্রদায়িক চিন্তা-চেতনা আমাদের দৃপ্ত প্রত্যয়ে এগিয়ে যাওয়ার পথ দেখায়। জাতিকে মেধাহীন করাই ছিলো হানাদার বাহিনীর হীন উদ্দেশ্য।”
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, ‘‘পাক হানাদার ও তাদের দোসর রাজাকার, আলবদর ও আলশাম্স বাহিনীর এই পরিকল্পিত নৃশংস হত্যাযজ্ঞের উদ্দেশ্য ছিল বাঙালি জাতিকে মেধাশূন্য করা। বিভিন্ন সময় স্বাধীনতাবিরোধী শক্তি হামলা চালিয়েছে মুক্তমনা শিক্ষক, লেখক, সাংবাদিক ও রাজনীতিকদের ওপর। এসব হত্যাকাণ্ড ও যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা হচ্ছে। বাংলার মাটিতে তাদের অপকর্মের বিচার হবেই।”
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুধবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সকালে ৬টা ৩৫ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৬টা ৫০ মিনিটে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামের নেতৃত্বে শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করবেন।
এরপর সকাল ৭টা থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও সর্বসাধারণের শ্রদ্ধা প্রদর্শনের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত রাখা হবে।
দিবসটি উদযাপনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি ঘোষণা করেছে।
এর মধ্যে রয়েছে সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও মিলাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/কেকে/পিডি/২৩৫৬ ঘ.
bdnews24