কক্সবাজার, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামুতে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পাহাড় কাটা পরিদর্শনে গিয়ে কয়েকজন ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা-কর্মীদের পিটুনির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় তারা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের পরিদর্শনে বাধা দেয় বলেও অভিযোগ করা হয়।
মঙ্গলবার সকালে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের খোন্দকার পাড়ায় এ ঘটনা ঘটে জানান ইউপি চেয়ারম্যান সাইফুল আলম।
রোববার খোন্দকার পাড়ায় পাহাড় কাটার সময় মাটি ধসে আবদুল মান্নান (২৬) নামের এক শ্রমিক মারা যান।
অবৈধ পাহাড় কাটার সঙ্গে রামু উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইউনুছ ভুট্টো জড়িত রয়েছেন বলে অভিযোগ রয়েছে।
দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম জানান, সকাল ১১টার দিকে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল আশরাফের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যায়। এসময় তিনি ছাড়াও ইউপি সদস্য এবং চৌকিদাররা উপস্থিত ছিলেন।
এ সময় ইউনুছ ভুট্টো লোকজনকে ডেকে উপস্থিত ইউপি সদস্য ও চৌকিদারদের মারধর করেন বলে দাবি করেন ইউপি চেয়ারম্যান।
মারধরের শিকার ইউপি সদস্যরা হলেন মো. ইউসুফ (৪৮), মোজাহের মিয়া (৪২), আবুল কালাম (৪২), ফরিদুল আলম (৩০), মোহাম্মদ আফসার (২৮) ও মোক্তার আহমেদ (৩২)।
এছাড়া চৌকিদার শামছু মিয়া (৬০), কাবির হোসেন (৪৭), মো. কালু (৪৫) এবং মো. ইসলামকেও (৩৮) মারধর করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল আশরাফ বলেন, “আমরা ঘটনাস্থলে পৌঁছার ১৫ মিনিটের মধ্যেই কয়েকশ’ লোক ওই এলাকায় আসে। এসময় আওয়ামী লীগ নেতা-কর্মীরা স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।”
পরিস্থিতি খারাপ হওয়ায় তারা দ্রুত উপজেলা পরিষদে চলে যান।
রামু থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, পুলিশ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে ঘটনাস্থলে গিয়েছিল। তবে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে পরিবেশ কর্মকর্তাদের কোনো ধরনের বিরোধ হয়নি। স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে হাতাহাতি হয়েছে।
এ ব্যাপারে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা ইউনুছ ভূট্টোর মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল জানান, তিনি বিষয়টি জানেন না। ঘটনাটি খতিয়ে দেখবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২৩৪ ঘ.
bdnews24