চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতার ৪০ বছর পর এরজন্য জীবনদানকারী বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের স্মৃতিসৌধ নির্মিত হলো।
চাঁপাইনাবগঞ্জ শহরের রেহাইচর এলাকায় সড়ক ভবনের সামনে তার শহীদ হওয়ার স্থানে এই স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।
বুধবার তার মৃত্যু বার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হবে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।
একাত্তরের এই দিনে (১৪ ডিসেম্বর) ক্যাপ্টেন মহীউদ্দীন জাহাঙ্গীর সম্মুখ সমরে শহীদ হন।
মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয় এই শহীদকে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কেএম আলী আজম জানান, স্থানীয় প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাদ্দ করা সাড়ে ছয় লাখ টাকা ব্যয়ে জেলা পরিষদ এটি নির্মাণ করে।
মুক্তিযোদ্ধাসহ জেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো, বলেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম রব্বানী জানান, এর আগেও এখানে স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু অর্থের অভাবে তা করা সম্ভব হয়নি।
বিজয়ের মাত্র দুই দিন আগে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচরে হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ সমরে শহীদ হয়েছিলেন ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর।
তিনি মুক্তিযুদ্ধের ৭ নম্বর সেক্টরের মোহদীপুর সাব সেক্টর কমান্ডার ছিলেন। ওই সময় ওই সেক্টরের কমান্ডার ছিলেন লে. কর্নেল কাজী নুরুজ্জামান।
কমান্ডার গোলাম রব্বানী আরো জানান, বুধবার তার মৃত্যুবার্ষিকীতে বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীরের ৪০তম মৃত্যুবার্ষিকী পালনে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও স্থানীয় প্রশাসন দিনভর কর্মসূচি গ্রহণ করছে।
কর্মসূচির মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধা সমাবেশ, কবরে পুস্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল, দোয়া, আলোচনা সভা ও গরীবদের মধ্যে খাবার বিতরণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৪২ ঘ.
bdnews24