ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিনি ছিলেন এমন একজন শিক্ষক ও সংগ্রামী, যার সাহিত্যকর্ম যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনে জাতিকে দিক নির্দেশনা দিয়ে গেছে- সদ্য প্রয়াত জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীকে এভাবেই স্মরণ করেছেন শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী।
দীর্ঘদিন হৃদরোগে ভোগার পর মঙ্গলবার নিজের বাসায় ঘুমের ভেতরেই মৃত্যু হয় শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও অনুবাদক কবীর চৌধুরীর। তার মৃত্যুর খবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন অঙ্গনের বরেণ্য ব্যক্তিরা নয়া পল্টনে কবীর চৌধুরীর বাসায় ছুটে যান তাকে শেষবারের মতো দেখতে।
জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, “অজস্র সাহিত্যকর্ম দিয়ে তিনি জাতিকে সমৃদ্ধ করেছেন। যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের বিচারের আন্দোলনে জাতিকে দিক নির্দেশনা দিয়েছেন, সংগ্রাম করেছেন। দেশের মানুষ চিরকাল তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। তিনি তার সাহিত্য এবং মানুষের মনে চিরদিন বেঁচে থাকবেন।”
আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, কবীর চৌধুরীর মৃত্যুতে জাতি এক বর্ষিয়ার পথপ্রদর্শককে হারালো।
“যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনে তিনি সোচ্চার ছিলেন। এই বিচারের শুরু হয়েছে, তিনি তা দেখে গেছেন। আমরা তার প্রস্থানে শোকগ্রস্ত”, বলেন শফিক।
এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, মাহবুবুল আলম হানিফ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম খান, চলচ্চিত্রকার নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু সকালেই কবীর চৌধুরীর বাসায় আসেন তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে।
বাংলা একাডেমীর মহা পরিচালক শামসুজ্জামান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কবীর চৌধুরী মৃত্যুর আগে কিছু নির্দেশনা দিয়ে গেছেন। তিনি চেয়েছেন তাকে যাতে শহীদ মিনারে না নেওয়া হয়। তার জানাজা ও দাফন যেন খুব সাধারণভাবে করা হয়।
পরিবারের সদস্যরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আসরের পর জানাজা শেষে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/জেকে/১৩৫৮ ঘ.
bdnews24