ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধোলাইড়পাড়ে সোমবার দুপুরে আব্দুল গফুর (২২) নামে এক যুবক খুন হয়েছেন।
গফুর একটি কালি তৈরির কারখানায় কাজ করতেন।
গফুরের বড় ভাই আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধোলাইপাড় কবরস্থানের কাছে স্থানীয় সন্ত্রাসী জুয়েল, সোহেল, বাবুসহ কয়েকজন তাকে ধরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে আশেপাশের লোকজন গফুরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গত রোববার সকালে গফুরকে ডেকে জুয়েল নাস্তা আনতে বলে। গফুর কথা না শোনায় তার ওপর ক্ষিপ্ত হয়ে সহযোগীদের নিয়ে জুয়েল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেন রহমান।
তবে গফুরকে ছুরিকাঘাতের স্থানটি যাত্রাবাড়ী না কদমতলী থানা এলাকায়, তা নিয়ে পুলিশের বক্তব্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানায় যোগাযোগ করা হলে উপপরিদর্শক রাশেদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই হত্যাকাণ্ডের খবর তারা পাননি। অন্য কোনো থানা এলাকায় হতে পারে।
অন্যদিকে কদমতলী থানার শিক্ষানবিশ উপপরিদর্শক নুরুল আলম জানান, হত্যার ঘটনাটি যাত্রাবাড়ী থানা এলাকার অন্তর্ভুক্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/২২২২ ঘ.
bdnews24