ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশু শ্রমিকদের জন্য সরকার প্রণীত ঝুঁকিপূর্ণ শ্রমের তালিকা ও শ্রম আইনে গৃহশ্রমকেও অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বেসরকারি একটি সংস্থা।
সোমবার সকালে রাজধানীর ওয়াইডব্লিউসিএ প্রশিক্ষণ কেন্দ্রে অ্যাসিস্ট্যান্স ফর স্লাম ডোয়েলার্স (এএসডি) আয়োজিত গৃহশ্রম নিয়ে এক সেমিনারে এ দাবি জানানো হয়।
জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) হিসাব অনুযায়ী দেশে এখন ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুর সংখ্যা ১৩ লাখ। এর মধ্যে গৃহশ্রমে নিয়োজিত ৪ লাখ ২১ হাজার শিশু।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত জাতীয় শিশুশ্রম জরিপ-২০১০ অনুসারে গৃহকর্মে নিয়োজিত আছে মোট শিশু ১ লাখ ২৫ হাজার।
সেমিনারে বাংলাদেশ শিশু অধিকার ফোরামের পরিচালক মো. কফিলউদ্দিন বলেন, “সরকার ইতোমধ্যে শিশুদের জন্য ৩৭টি ঝুঁকিপূর্ণ শ্রম চিহ্নিত করেছে। কিন্তু এর মধ্যে গৃহশ্রমকে অন্তর্ভুক্ত করা হয়নি।”
তিনি বলেন, গৃহশ্রম প্রাতিষ্ঠানিক শ্রম হিসাবে বিবেচিত না হওয়ায় এবং শ্রম আইন-২০০৬ এ গৃহশ্রমিকরা অন্তর্ভুক্ত না হওয়ায় তারা শ্রমিকের মর্যাদা পায় না।
সেমিনারে জাতীয় মেয়ে শিশু অ্যাডভোকেসি ফোরামের সেক্রেটারি নাসিমা আখতার জলি বলেন, “এই মুহূর্তে গৃহশ্রমিকদের শ্রমিক হিসাবে চিহ্নিত করা জরুরি।”
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব শফিক আলম মেহেদী বর্তমান সরকারকে শ্রমবান্ধব সরকার হিসাবে অখ্যায়িত করে বলেন, “সরকার প্রথমবারের মতো বাংলাদেশ গৃহকর্মে নিয়োজিত মানুষদের শ্রম আইনে নিয়ে আসা এবং এদের অধিকার রক্ষায় যথাযথ আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে।”
চলতি বছর আন্তর্জাতিক শ্রমসংস্থার শততম কনভেনশনে গৃহশ্রমিকদের জন্য শোভন কাজের সুপারিশে বাংলাদেশ অনুস্বাক্ষর করেছে জানিয়ে সচিব বলেন, “সরকার ইতোমধ্যে গৃহশ্রমিকদের অধিকার সুরক্ষায় গৃহশ্রম বিষয়ে একটি খসড়া নীতিমালা প্রণয়ন করেছে যা গৃহীত হলে পূর্ণাঙ্গ আইন প্রণয়নের দিকে এগিয়ে যাবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এসইউ/পিডি/২২১৭ ঘ.
bdnews24