চট্টগ্রাম, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ইপিজেড এলাকায় সড়ক অবরোধের সময় ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ছয় জনকে সাত দিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছে পুলিশ।
এরা হলেন- নুরুল আলম, বেলায়েত হোসেন বেলাল, কবির হোসেন, নির্মল চন্দ্র রাঢ়ি, মাহবুব আকন্দ ও রিয়াদ মির।
সোমবার বিকালে তাদের চট্টগ্রাম মহানগর আদালতে হাজির করে হেফাজতের (রিমান্ড) আবেদন করা হয়। মঙ্গলবার এ আবেদনের শুনানি হবে।
চট্টগ্রাম মহানগর পুলিশের বন্দর অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ শাহরিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার রাতে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (সিইপিজেড) ও তার আশপাশে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়। পরে যাচাই বাছাই করে ছয় জনকে গ্রেপ্তার করা হয়।”
বাড়ি ভাড়া বাড়ানোর প্রতিবাদে সমাবেশ করতে না পেরে গত শুক্রবার বিকাল ৩টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সিইপিজেড মোড়ে বিমানবন্দর সড়ক অবরোধ করে শ্রমিকরা।
সে সময় ইপিজেড মোড় সংলগ্ন এলাকা ও কলসীদীঘি পাড় এলাকায় ভাংচুর চালানো হয়।
বন্দর থানার ওসি নুরুল আবছার ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অবরোধ চলাকালে দুষ্কৃতকারীরা ২০টি ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড, একটি হোটেল, একটি এটিএম বুথ ও কলসী দীঘির পাড়ে কয়েকটি বাড়িতে ভাংচুর চালায়।”
এ ঘটনায় ভাংচুরের অভিযোগে মুন ইন্টারন্যাশনাল হোটেলের মালিক হাবিবুর রহমান ও কলসী দীঘি পাড় এলাকার বাসিন্দা খোকন মোল্লা পৃথক দুটি মামলা করেছেন বলে জানান তিনি।
তিনি বলেন, “সাক্ষ্য প্রমাণ ও ভিডিও ফুটেজ দেখে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।”
ওসি জানান, হোটেল মালিকের মামলায় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ জনকে এবং খোকন মোল্লার মামলায় ছয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩৫ জনকে আসামি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএইচ/পিডি/২২০৮ ঘ.
bdnews24