ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেইসবুকে প্রধানমন্ত্রীর ‘মৃত্যু কামনা’ করে স্ট্যাটাস দেওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ রুহুল আমীন খন্দকারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাই কোর্ট।
আদালতের তলবে হাজির না হওয়ায় সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই রুল জারি করেন।
রুলে কেন তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কার্যক্রম গ্রহণ করা হবে না তা জানতে চাওয়া হয়।
এর জবাব দিতে রুহুল আমিনকে সময় দেওয়া হয়েছে দুই সপ্তাহ।
আদালতে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন।
গত ২৫ অগাস্ট এক আদেশে হাই কোর্ট ১৭ অক্টোবর তাকে আদালতে আসার নির্দেশ দেয়। একইসঙ্গে দুই সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত নোটিস জারি করতে পররাষ্ট্র সচিবকে নির্দেশ দেওয়া হয়।
এবিএম আলতাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আদালতকে জানিয়েছি, পররাষ্ট্র মন্ত্রণালয় আদালতের আদেশ তাকে জানাতে যথাযথভাবে ব্যবস্থা নিয়েছে। এরপরও তিনি আদালতে হাজির হননি। এ কারণে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করা হয়েছে।”
আগামী ১০ জানুয়ারি রুলের পরবর্তী শুনানির দিন এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলে জানান সরকারের এই আইন কর্মকর্তা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির খণ্ডকালীন প্রভাষক রুহুল ২০০৮ সালে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পান। ২০০৯ সাল থেকে বিনা বেতনে শিক্ষা ছুটিতে তিনি অস্ট্রেলিয়া রয়েছেন।
গত ১৩ অগাস্ট মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান সম্পাদক মিশুক মুনীরসহ পাঁচজনের মৃত্যুর পর ফেইসবুকে এক স্ট্যাটাস আপডেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘মৃত্যু কামনা’ করেন রুহুল।
ওই স্ট্যাটাস নিয়ে ১৮ অগাস্ট একটি জাতীয় দৈনিকে ‘জাবির জামায়াতপন্থী শিক্ষকের ঔদ্ধত্য’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদ আদালতের নজরে নেওয়ার পর আদালত স্বপ্রণোদিত হয়ে রুল জারি করে।
১৩ অগাস্ট সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ওই শিক্ষকের ফেইসবুক ওয়ালে পোস্ট করা একটি স্ট্যাটাসে লেখা ছিলো, “পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স দেয়ার ফল তারেক ও মিশুক মুনীরসহ নিহত ৫: সবাই মরে, হাসিনা মরে না কেন?”
পরদিন ভোর ৪টা ৫৯ মিনিটে দেওয়া আরেক স্ট্যাটাসে লেখা ছিলো, “পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স! কোন সভ্য সমাজে কি চিন্তা করা যায়? পুরো পৃথিবী যেখানে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া কঠিন করছে, সেখানে হাসিনা সরকার পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে!!!”
এর আগে গত ১৮ অগাস্ট ওই শিক্ষকের বিরুদ্ধে কেন ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে স্বতপ্রণোদিত রুল জারি করে হাই কোর্টের একই বেঞ্চ।
দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও শিক্ষা সচিব, পুলিশের মহাপরিদর্শক ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালককে ওই রুলের জবাব দিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২১১৫ ঘ.
bdnews24