২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাটিয়ারীকে ‘সেনা নিয়ন্ত্রিত’ ঘোষণা প্রত্যাহার দাবি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীকে সেনাবাহিনী নিয়ন্ত্রিত এলাকা (চ্যাপ্টার এরিয়া) ঘোষণা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 02:33 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীকে সেনাবাহিনী নিয়ন্ত্রিত এলাকা (চ্যাপ্টার এরিয়া) ঘোষণা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে ‘ভাটিয়ারী চ্যাপ্টার এলাকা ভূমি অধিগ্রহণ প্রতিরোধ কমিটি’র ব্যানারে এ মানববন্ধন হয়। এর আগে চট্টগ্রামের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় এলাকাবাসী। মানববন্ধন থেকে চ্যাপ্টার এরিয়া ঘোষণা সংক্রান্ত গেজেট বাতিল না হলে কঠোর আন্দোলনের হুমকি দেওয়া হয়। সমাবেশে বক্তব্য দেন কমিটির সভাপতি মো. ইছহাক, সাধারণ সম্পাদক কাজী শওকত ইকবাল, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম প্রমুখ। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালে ভাটিয়ারী, জঙ্গল ভাটিয়ারী ও জঙ্গল সোনাইছড়ি এ তিন মৌজার প্রায় তিনশ একরের বেশি জমি চ্যাপ্টার এরিয়া (সেনা নিয়ন্ত্রিত) ঘোষণার উদ্যোগ নেয় সেনাবাহিনী। সে বছর ৪ নভেম্বর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাজী শওকত ইকবাল বলেন, “এ এলাকায় কয়েক লাখ মানুষ বসবাস করে। এখানে পাঁচটি প্রাথমিক বিদ্যালয়, দুটি উচ্চ বিদ্যালয় এবং একটি কলেজসহ বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে।” চট্টগ্রাম সেনানিবাস প্রস্তাবিত চ্যাপ্টার এলাকা থেকে ১২ কিলোমিটার দূরে উল্লেখ করে প্রধানমন্ত্রী বরাবর দেওয়া স্মারকলিপিতে বলা হয়, “এখানে চ্যাপ্টার এলাকা করার কোনো প্রয়োজন নেই। তবু একতরফাভাবে চ্যাপ্টার এলাকার গেজেট বাস্তবায়ন উচ্চাভিলাষ ছাড়া কিছুই নয়। “এর আগে ১৯৭৭, ৭৮, ৮২, ৮৫, ৮৯ ও ৯০ সালে বাংলাদেশ মিলিটারী একাডেমী (বিএমএ) স¤প্রসারণের জন্য মোট এক হাজার ২৩১ একর ভূমি হুকুম দখল করা হয়। এছাড়া ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক, এশিয়ান হাইওয়ে ও রেল লাইন স¤প্রসারণের জন্য সরকার অনেক জমি অধিগ্রহণ করেছে।” ভূমি অধিগ্রহণ সংক্রান্ত ওই প্রজ্ঞাপন প্রত্যাহারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া হয় স্মারকলিপিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএইচ/পিডি/২০২৫ ঘ.