২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকমান হত্যাকারীদের এক জন গ্রেপ্তার: পুলিশ

নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে আরো চার জন গ্রেপ্তার হয়েছেন। এদের একজন হত্যাকারীদের দলে ছিলো বলে পুলিশের দাবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 09:11 AM

Updated : 24 Aug 2022, 05:22 PM

নরসিংদী, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে আরো চার জন গ্রেপ্তার হয়েছেন। এদের একজন হত্যাকারীদের দলে ছিলো বলে পুলিশের দাবি। রোববার ঢাকা থেকে গ্রেপ্তার নাজমুল হাসান শরীফের (২৬) দেওয়া তথ্যে নরসিংদীর ঘোড়াদিয়া এলাকা থেকে অস্ত্র ও গুলির পাশাপাশি কয়েকটি মুখোশও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গত ১ নভেম্বর লোকমানকে হত্যা করতে দুর্বৃত্তরা মুখোশ পরে এসেছিলো। নাজমুল হত্যাকাণ্ডে অংশ নেওয়ার কথা স্বীকার করেছে বলে দাবি করেছেন নরসিংদীর পুলিশ সুপার খন্দকার মহিদউদ্দিন। গ্রেপ্তার অন্য তিন জন হলেন- মো. সরওয়ার হোসেন (৩১), আওলাদ হোসেন (২৩) ও মীর দেলোয়ার হোসেন (৩৫)। এ নিয়ে ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট ১২ জনকে গ্রেপ্তার করা হলো, এর মধ্যে কেবল এক জনই মামলার আসামি। পুলিশ সুপার সোমবার সাংবাদিকদের বলেন, রোববার রাতে নাজমুলসহ চার জনকে গ্রেপ্তার করা হয়। নাজমুলকে গ্রেপ্তার করা হয় রাজধানীর খিলগাঁও থানার নন্দীপাড়া এলাকা থেকে। তার সঙ্গে আওলাদও গ্রেপ্তার হন বলে পুলিশ জানায়। তাদের দেওয়া তথ্যে গাজীপুরের জয়দেবপুর থানার চাপুলিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় সরওয়ারকে। দেলোয়ারকে গ্রেপ্তার করা হয় নরসিংদীর ঘোড়াদিয়া থেকে। তাদের কাছ থেকে একটি রিভলবার, ২২ রাউন্ড গুলি ও হত্যাকারীদের ব্যবহৃত পোশাক ও মুখোশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। নাজমুল পুলিশ হেফাজতে সাংবাদিকদের জানান, উদ্ধার হওয়া রিভলবার দিয়ে মেয়র লোকমানকে খুন করা হয়েছে। তিনি বলেন, “সদর রোডে আওয়ামী লীগ কার্যালয়ে ঢুকে আমি মেয়র লোকমানকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালাই। গুলি খেয়ে বসা অবস্থা থেকে থেকে উঠে দাঁড়ান তিনি। এর অন্যরা পরপর ৩ রাউন্ড গুলি ছুড়ে তার মৃত্যু নিশ্চিত করে।” মেয়র খুনের ব্যবহৃত অস্ত্রটি কার- সাংবাদিকরা নাজমুলকে জিজ্ঞাসা করলে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার হালদার তাকে আর কথা বলার সুযোগ না দিয়ে বলেন, “এখনই সব তথ্য প্রকাশ হলে তদন্তে ব্যঘাত ঘটবে।” পুলিশ জানায়, শিবপুর উপজেলার নোয়াদিয়া গ্রামের বাসিন্দা নজরুল পেশাদার খুনি। তিনি নরসিংদী শহরের ১৮৪/২ ব্রাহ্মন্দী মহল্লার একটি বাড়িতে ভাড়া থাকতেন। তার বিরুদ্ধে শিবপুরের জসিম হত্যা, নরসিংদী শহরের বীরপুরের এমদাদ হত্যা, ব্রাহ্মন্দীর ইসমাইল হত্যার অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ নেতা লোকমানের ছোটভাই মো. কামরুজ্জামান যে মামলাটি করেছেন, তার ১৪ আসামির মধ্যে এখন পর্যন্ত নরসিংদী শহর যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন সরকার গ্রেপ্তার হয়েছেন। ওই মামলার আসামিদের অধিকাংশই আওয়ামী লীগেরই নেতা-কর্মী। এর মধ্যে টেলিযোগযোগমন্ত্রীর ছোট ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চুও রয়েছেন। অন্য আসামিরা হলেন- টেলিযোগাযোগমন্ত্রীর সহকারী একান্ত সচিব মাসুদুর রহমান মুরাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন সরকার, শহর আওয়ামী লীগের সভাপতি মমতাজউদ্দীন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি মিয়া মো. মঞ্জুর, মোবারক হোসেন, মনোয়ার হোসেন খান, হিরণ মিয়া, তারেক আহমেদ, কবীর সরকার, আজিজ মিয়া ও মামুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৬৫৪ ঘ.