২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গুপ্তহত্যার দায় সরকার এড়াতে পারবে না’

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেছেন, গুপ্তহত্যায় কারা জড়িত, তা সরকারকেই খুঁজে বের করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 08:45 AM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সা¤প্রতিক সময়ে আলোচিত গুপ্তহত্যার ঘটনাগুলোর রহস্যভেদ করতে সরকারকেই বলেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি বলেছেন, “রাষ্ট্রের যেসব নাগরিক নিখোঁজ বা গুম হয়েছেন অথবা গুপ্তহত্যার স্বীকার হয়েছেন, এ সমস্ত ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের দায়িত্ব সরকাররের।” মানবাধিকার সংগঠন অধিকার’র হিসেবে, গত এক মাসে ২৭ জন নিখোঁজ হয়েছে। এদের কয়েক জনের লাশ পরে পাওয়া গেছে, যার মধ্যে বিরোধী দল সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রদলের এক নেতাও রয়েছেন। দেশে এ ধরনের হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় মানবাধিকার কমিশন থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার সংগঠন উদ্বেগ প্রকাশ করে আসছে। এ ধরনের ঘটনাগুলোর অধিকাংশ ক্ষেত্রে অভিযোগ উঠেছে, আইন-শৃঙ্খলা বাহিনী বিশেষ করে র‌্যাব পরিচয়ে ধরে নেওয়া হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গুপ্তহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। মিজানুর রহমান বলেন, “এ ঘটনার সঙ্গে আইন-শৃঙ্খলা জড়িত নয়, তা সরকার অস্বীকার করতে পারে না। এ ধরনের কোনো বক্তব্যও মানবাধিকার কমিশন গ্রহণ করবে না।” সোমবার ঢাকা ক্লাবে মানবাধিকার বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক সংলাপে গুপ্তহত্যা নিয়ে কথা বলেন তিনি। আগামী ৪ জানুয়ারি মানবাধিকার কমিশনের পূর্ণাঙ্গ সভায় গুপ্তহত্যা বা নিখোঁজ ব্যক্তিদের সম্পর্কে কী ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মিজানুর। গুপ্তহত্যায় আইনশৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ততার অভিযোগ সরকারের পক্ষ থেকে নাকচ করা হলেও বিএনপির অভিযোগ, সরকারই বিভিন্ন বাহিনী দিয়ে এ ধরনের হত্যাকাণ্ড ঘটাচ্ছে। দুর্নীতি প্রসঙ্গ মিজানুর রহমান বলেন, “সিলেট কারাগারে আমাকে ঢুকতে দেওয়া হয়নি। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশের সব কারাগারেই দুর্নীতি হচ্ছে। আমাদের কাছে প্রমাণ আছে, একটি ছোট কারগারে প্রতিদিন কমপক্ষে ৩ লাখ টাকার দুর্নীতি হয়। তাহলে সারাদেশে কত টাকার দুর্নীতি হয়? এত টাকা কোথায় যায়?” তিনি অভিযোগ করেন, কারা হাসপাতালে টাকার বিনিময়ে বেড ‘কিনে’ তা আবার অন্যদের কাছে ‘বিক্রি’ করা হচ্ছে। বন্দিদের যে মানে খাবার দেওয়ার কথা, তা দেওয়া হচ্ছে না। সাংবাদিকদের কাছে প্রশ্ন কমিশন ও নিজের সম্পর্কে সাংবাদিকদের কাছে কয়েকটি প্রশ্ন রাখেন মিজানুর রহমান। তিনি বলেন, “আমরা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে পড়ে যাচ্ছি কি না? কমিশন মাথাভারী প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে কি না? আমরা নিরপেক্ষতা হারাচ্ছি কি না? আমরা কি কোনো রাজনৈতিক পক্ষপাত করছি কি না?” এ সব বিষয় তুলে ধরে পরামর্শ আশা করেছেন কমিশনের চেয়ারম্যান। সংলাপে অংশ নেওয়া গণমাধ্যমকর্মীরা মানবাধিকার কমিশনকে আরো কার্যকর এবং মানবাধিকার বিষয়টি পাঠ্যক্রমে আর্š-ভুক্তির উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন। মানবাধিকার সম্পর্কে আরো স্পষ্ট ধারণা দিতে গণমাধ্যমকর্মীদের জন্য প্রশিক্ষণের আয়োজন করবে বলে সংলাপে জানানো হয়। সাংবাদিকদের পর অন্যান্য পেশায় কর্মরতদের প্রশিক্ষণের উদ্যোগও নেওয়া হবে। পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও আইন পেশার নিয়োজিতদের জন্যও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। অভিযোগ ৩১৭, নিষ্পত্তি ২৩৪ চলতি বছরে বিভিন্ন বিষয়ে ৩১৭টি অভিযোগ কমিশনে এসেছে। এর মধ্যে ২৩৪টি অভিযোগের নিষ্পত্তি হয়েছে। বাকিগুলো নিষ্পত্তির অপেক্ষায়। তবে অনেক ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান থেকে তথ্য পেতে দেরি হয় অভিযোগ করে কমিশনের সার্বক্ষণিক সদস্য কাজী রিয়াজুল হক বলেন, “বিভিন্ন অভিযোগ নিষ্পত্তি না হওয়ার ক্ষেত্রে সরকারি কিছু প্রতিষ্ঠান দায়ী। কেননা তারা একের পর এক সময় বাড়ানোর আবেদন করেন। এই চক্রে পড়ে যায় কমিশন, কেননা আমাদের নির্বাহী কোনো ক্ষমতা নেই।” সংলাপে কমিশনের অবৈতনিক সদস্য অধ্যাপক নিরু কুমার চাকমা ও নিরুপা দেওয়ান উপস্থিত ছিলেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন দৈনিক আমাদের সময়ের উপদেষ্টা সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কিউএইচ/এমআই/১৯৩৫ ঘ.