২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার ২৫ দিন পর বাংলাদেশির লাশ ফেরত

হত্যা করার ২৫ দিন পর এক বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে ভারতের সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2011, 05:28 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

বেনাপোল, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা করার ২৫ দিন পর এক বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে ভারতের সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ। রোববার সন্ধায় বেনাপোল চেকপোস্টে যশোর বিজিবি’র চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার লিয়াকত হোসেন বিএসএফ’র আংরাইল ক্যাম্পের কোম্পানি কমান্ডার তরুণ বিশ্বাসের কাছে থেকে বাতেনের লাশ গ্রহণ করেন। বাতেন মোহাম্মদ (২৫) যশোরের শেখহাটি নিউমার্কেট এলাকার খায়রুল বাসারের ছেলে। নায়েক সুবেদার লিয়াকত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৬ নভেম্বর ভোর রাতে বাতেনসহ কয়েকজন বাংলাদেশি ভারত থেকে গরু নিয়ে আসছিলেন। বেনাপোল থেকে তিন কিলোমিটার দক্ষিণে পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে তাড়া করে এবং বাতেনকে ধরে ফেলে। তাদের পিটুনিতে বাতেনের মৃত্যু হলে তারা লাশ নিয়ে যায়। লিয়াকত হোসেন আরো জানান, বাতেনের লাশ ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে কয়েকদফা চিঠি দেওয়া পর এ হস্তান্তর কার্যকর হয়। পোর্ট থানার উপ-পরিদর্শক সজীব দত্ত বলেন, বেনাপোল পোর্ট থানার মাধ্যমে পরিবারের কাছে বাতেনের লাশ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/২৩০০ ঘ.