২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম শুল্ক ভবনে বিক্ষোভ

সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কর্মচারীদের বিক্ষোভের মুখে রোববার সাড়ে চার ঘণ্টা চট্টগ্রাম শুল্ক ভবনে আমদানি পণ্যের শুল্কায়নের কাজ বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2011, 12:54 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কর্মচারীদের বিক্ষোভের মুখে রোববার সাড়ে চার ঘণ্টা চট্টগ্রাম শুল্ক ভবনে আমদানি পণ্যের শুল্কায়নের কাজ বন্ধ ছিল। শুল্ক ভবনে ঢুকতে না দেওয়ার প্রতিবাদে এ বিক্ষোভ হয়। এরপর চট্টগ্রাম কাস্টমসের অতিরিক্ত কমিশনার মতিউর রহমানের সঙ্গে সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং) প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীদের বৈঠকের পর শুল্কায়নের কাজ শুরু হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুসারে পরিচয়পত্রধারী সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কর্মচারীরা আগের মতোই ‘লং রুমে’ ঢুকতে পারবেন। পাশাপাশি অতিরিক্ত কমিশনার নিজে দৈনিক বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত সিঅ্যান্ডএফ প্রতিনিধির উপস্থিতিতে বিভিন্ন সমস্যার বিষয়ে সরাসরি সমাধান দেওয়ার আশ্বাস দেন। সকাল ১০টা থেকে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কর্মচারীরা বিক্ষোভ শুরু করে। এ সময় তারা শুল্ক ভবনের কয়েকজন উর্ধতন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি, শুল্কায়নের কাজে ইচ্ছাকৃতভাবে দীর্ঘসূত্রতার সৃষ্টি, ফাইল আটকে রাখা ও আমদানিকারকদের হয়রানিসহ বিভিন্ন অভিযোগ করেন। সিঅ্যান্ডএফ কর্মচারী ইউনিয়নের কাস্টমস বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পূর্ব ঘোষণা ছাড়াই রোববার থেকে কর্তৃপক্ষ আমদানি-রপ্তানির শুল্কায়নের কাগজপত্র জমার ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজস্ব কর্মকর্তার সঙ্গে সরাসরি দেখা করার পরিবর্তে বাইরে থেকে জমা দেওয়ার নিয়ম জারি করে। ইউনিয়নের সহ-সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা স্বচ্ছতার ভিত্তিতে হয়রানিমুক্ত পরিবেশে কাজ করতে চাই। নতুন কিছু কর্মকর্তা এখানে যোগদানের পর থেকেই জটিলতা হচ্ছে।” অতিরিক্ত কমিশনারের সঙ্গে বৈঠকে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাচ্চু বলেন, কাস্টমসের কাজে বিভিন্ন সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে। আর সব কর্মকর্তারা জুজুর ভয় দেখাচ্ছেন অতিরিক্ত কমিশনারের নাম বলেই। প্রশাসন পরিচালনা অবশ্যই ব্যবসাবান্ধব হতে হবে। বৈঠক শেষে অতিরিক্ত কমিশনার মতিউর রহমান সাংবাদিকদের বলেন, “আমরা চাই স্বচ্ছতার সঙ্গে কাজ করতে। এমন কিছু বিষয়ে প্রোপাগান্ডা হচ্ছে, যে বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষ কোনো নির্দেশনা দেয়নি।” খোলামেলা আলোচনা করতে না পারাতেই এ ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে মনে করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/আরএম/এমআই/১৮৪৭ ঘ.