চাঁদপুর, ডিসেম্বর ১০ (বিডিনিইজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর শহরে একটি যাত্রীবাহী বাস থেকে সাত হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এগুলোর বহনকারী সন্দেহে এক ব্যক্তিকে আটকও করা হয়।
শনিবার বিকালে শহরের ওয়ারলেস বাজার থেকে মোস্তফা কামাল (৪৮) নামের ওই ব্যক্তিকে আটক করা হয় বলে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়।
পুলিশ বলছে, মোস্তফার পাশের আসনে একটি ব্যাগে ইয়াবাগুলো পাওয়া যায়। তাই ওগুলো তার বলে সন্দেহ করা হচ্ছে।
অপরদিকে মোস্তফা ব্যাগটি তার নয় বলে দাবি করছেন।
ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওহাব সাংবাদিকদের জানান, গোপন সংবাদ পেয়ে কুমিল্লা থেকে চাঁদপুরগামী বোগদাদ নামের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এ সময় বাসযাত্রী মোস্তফার পাশের আসনে একটি ব্যাগে সাত হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
পুলিশ কর্মকর্তা আরো জানান, মোস্তফা দাবি করছেন, ইয়াবাগুলো তার নয়, অন্য কোনো যাত্রীর।
মোস্তফা কামাল ঢাকার মিরপুর-১ এর ৫ নম্বর সড়কে ১৬ নম্বর বাসায় থাকেন বলে পুলিশকে জানিয়েছেন, বলেন এসআই ওহাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২০১৬ ঘ.
bdnews24