২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাম ছাড়াই দাফন: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

পুলিশের সালাম ছাড়াই নোয়াখালীর মুক্তিযোদ্ধা হতদরিদ্র দুলাল মিয়ার (৬০) লাশ দাফনের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2011, 01:34 PM

Updated : 24 Aug 2022, 05:21 PM

নোয়াখালী, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের সালাম ছাড়াই নোয়াখালীর মুক্তিযোদ্ধা হতদরিদ্র দুলাল মিয়ার (৬০) লাশ দাফনের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। দাফনের ওই ঘটনায় ওই দুই কর্মকর্তার দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়ে এ সুপারিশ করেছে কমিটি। জেলা পুলিশ সুপার (এসপি) হারুন-উর রশিদ হাজারি শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের এ কথা জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তদন্ত কমিটি সুধারাম থানার ওসি মোশাররফ হোসেন তরফদার এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শিপু বড়–য়ার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে।” প্রতিবেদন শনিবারই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে বলে জানান এসপি। গত ৫ ডিসেম্বর মারা যাওয়া মুক্তিযোদ্ধা দুলালের লাশ নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর পৌর কবরস্থানে ওইদন বিকেলে দাফন হয় সশস্ত্র সালাম ছাড়াই। দাফনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃতের কফিনে বাংলাদেশের জাতীয় পতাকা দিলেও পুলিশ না আসায় সশস্ত্র সালাম হয়নি। পরদিন এ ঘটনা নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলার সময় ক্ষোভ প্রকাশ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল টুকু ঘটনাটি তদন্তের নির্দেশ দেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুব রশিদকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি তিন দিনের মাথায় শুক্রবার এসপি’র কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়। দুলাল মিয়া তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ২ নং সেক্টরে যুদ্ধ করেন তিনি। নিয়ম অনুযায়ী, মুক্তিযোদ্ধার দাফনের সময় রাষ্ট্রের পক্ষে একজন নির্বাহী কর্মকর্তা কফিনে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে সম্মান জানাবেন। সে সময় তার নেতৃত্বে পুলিশ সদস্যরা সশস্ত্র সালাম জানানোর কথা। দুলাল মিয়ার মৃত্যুর পর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মিলন ও থানা মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল উদ্দিন বিষয়টি সুধারাম থানা পুলিশকে জানিয়েছিলেন। দাফনের সময়ে ইউএনও দুলালের বাড়িতে উপস্থিত হলেও পুলিশ না যাওয়ায় সালাম ছাড়াই তার লাশ দাফন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/১৯৩০ ঘ.