মামুনুর রশীদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসিড সন্ত্রাস উল্লেখযোগ্য হারে কমে এলেও আইনি দুর্বলতা এবং এসিড মজুদের সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় তা পুরোপুরি নির্মূল করা সম্ভব হচ্ছে না বলে মনে করেন সংশ্লিষ্টরা।
এসিড সারভাইভারস ফাউন্ডেশনের (এএসএফ) চেয়ারম্যান ড. ইফতেখারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগের বছরগুলোতে গড়ে চারশ’র বেশি এসিড নিক্ষেপের ঘটনা ঘটলেও চলতি বছরের নভেম্বর পর্যন্ত সারা দেশে এ ধরনের ঘটনা ঘটেছে ৮০টি।
২০০২ সালে এসিড অপরাধ দমন আইন এবং এসিড নিয়ন্ত্রণ আইন হওয়ায় এক্ষেত্রে উন্নতি হয়েছে মন্তব্য করেন তিনি।
ইফতেখারুজ্জামান বলেন, “এসিড বিক্রি, পরিবহন ও মজুদের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় তা সাধারণ মানুষের কাছে নাগালের মধ্যে আছে। এসিড সন্ত্রাস পুরোপুরি নির্মূলে এটা একটা বড় বাধা হিসেবে কাজ করছে।”
প্রতিটি জেলা প্রশাসন কার্যালয়ে জেলার এসিড ক্রয়-বিক্রয় ও ব্যবহারকারীর সঠিক তালিকা সংরক্ষণ, ডিলারের মাধ্যমে এসিড বিক্রি এবং বিক্রেতা ও ব্যবহারকারীদের সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের সুপারিশ করেন তিনি।
ইফতেখারুজ্জামান জানান, বর্তমান লাইসেন্স ফি পাঁচ হাজার টাকা হওয়ায় ক্ষুদ্র বিক্রেতাদের মধ্যে লাইসেন্স করা ও তা নবায়নে ভীতি রয়েছে। লাইসেন্স থাকার বিষয়টি নিশ্চিত করার জন্য তাদের লাইসেন্স ফি কমানো প্রয়োজন বলে মনে করেন তিনি।
বৃহস্পতিবার এসিড সন্ত্রাস নিয়ে এক মতবিনিময় সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিএমপি) বেনজীর আহমেদ বলেন, “লাইসেন্স নিয়ে বা লাইসেন্স ছাড়া যারা এসিড বিক্রি করছে তাদের মনিটরিংয়ের মধ্যে রাখা প্রয়োজন।”
আইনি দুর্বলতা
‘এসিড অপরাধ দমন আইন-২০০২’ অনুসারে এসিড নিক্ষেপ বিষয়ক মামলাগুলো দ্রুত বিচার আইনে হওয়ার কথা থাকলেও ২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত দায়ের করা মামলাগুলোর মধ্যে প্রায় ৩৫ শতাংশই নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়নি বলে অভিযোগ করেন ড. ইফতেখারুজ্জামান।
এছাড়া দ্রুত বিচার আইনে জামিনের কোনো সুযোগ না থাকলেও আসামিদের অনেকেই জামিন পেয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
এসিড সারভাইভারস ফাউন্ডেশনের চেয়ারম্যান দাবি করেন, “আইনি দুর্বলতার কারণে বিভিন্ন সময়ে করা মামলায় এ পর্যন্ত ২৫ জন আসামি খালাস পেয়েছেন।”
“থানায় এফআইআর, এজাহার ও আদালতে মামলা দায়েরের ক্ষেত্রে ঘটনার সময়, স্থান ও বর্ণনা অনেক সময় সঠিকভাবে উল্লেখ করা হয় না। এছাড়া চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার কারণে অনেক সময় মামলা খারিজ হয়ে যায় এবং আসামি মুক্তি পেয়ে যায়।”
মামলার আলামত সঠিকভাবে সংগ্রহ ও সংরক্ষণ করার সঙ্গে সঙ্গে এফআইআর থেকেই এ সংক্রান্ত মামলায় বিশেষভাবে নজরদারির সুপারিশ করেন তিনি।
২০০২ সালে সরকারের বিশেষ উদ্যোগে এসিড অপরাধ দমন আইন এবং এসিড নিয়ন্ত্রণ আইন হয়। পরবর্তীতে সরকার এসিড কন্ট্রোল কাউন্সিল (এনএসিসি) এবং জেলা এসিড নিয়ন্ত্রণ কমিটি (ডিএসিসি) গঠন করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এসিড নিয়ন্ত্রণ মনিটরিং সেল এবং পুলিশ সদর দপ্তরের অধীনে এসিড কেস মনিটরিং সেলও গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচ/এসইউ/১৪৫১ ঘ.
bdnews24