২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতা থেকে গৌরাঙ্গের মরদেহ আসছে

কলকাতার এএমআরআই হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত গৌরাঙ্গ মণ্ডলের মরদেহ শনিবারই দেশে আসছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2011, 08:55 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলকাতার এএমআরআই হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত গৌরাঙ্গ মণ্ডলের মরদেহ শনিবারই দেশে আসছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অণু বিভাগের মহাপরিচালক শামীম আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার একটি ফ্লাইটে গৌরাঙ্গ মণ্ডলের লাশ ঢাকায় পৌঁছাবে। মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের পরিচালক তা গ্রহণ করবেন। মস্তিস্কে পানি জমে যাওয়ায় কয়েক দিন আগে চিকিৎসার জন্য কলকাতায় যান মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কানাইনগর গ্রামের বাসিন্দা গৌরাঙ্গ মণ্ডল। সেখানে ঢাকুরিয়ার এএমআরআই হাসপাতালে ভর্তি হন ৭০ বছর বয়সী এই বৃদ্ধ। শুক্রবার ভোরে হাসপাতালের একটি ভবনে আগুন লাগলে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান গৌরাঙ্গসহ ৮৯ জন। গৌরাঙ্গের সঙ্গে কলকাতা গিয়েছিলেন তার এক ছেলে এবং ভাগ্নে রক্ষিত রায়। রক্ষিতই টেলিফোন করে শুক্রবার গৌরাঙ্গের মৃত্যুর খবর দেশে পরিবারকে জানায়। শামীম আহসান জানান, গৌরাঙ্গের মরদেহ দেশে আনাার খরচ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বহন করছে। এছাড়া তার পরিবারকে সহায়তা হিসেবে ১০ হাজার রুপি দিচ্ছে পশ্চিমবঙ্গ কর্তৃপক্ষ। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার মুস্তাফিজুর রহমান মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়টি দেখভাল করছেন বলে জানান তিনি। শামীম বলেন, “গত রাতে এসএসকেএম হাসপাতালে গৌরাঙ্গ মণ্ডলের লাশের ময়নাতদন্ত করা হয়। সে সময় পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মর্গের বাইরে ছিলেন। তিনি গৌরাঙ্গের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সব ধরনের সহযেগিতার আশ^াস দেন।” কৃষক গৌরাঙ্গের তিন ছেলে ও এক মেয়ের মধ্যে দুই ছেলে কুয়েত এবং এক ছেলে সিঙ্গাপুরে থাকেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/১৪৪৫ ঘ.