ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমার ও ইন্দোনেশিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার বিকালে ঢাকায় নামার পরপরই প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান স্বাস্থ্য পরীক্ষার জন্য সেখানে ভর্তি রয়েছেন।
প্রধানমন্ত্রী সিএমএইচে রাষ্ট্রপতির পাশে কিছু সময় কাটান এবং তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
প্রধানমন্ত্রী বিমানবন্দরে নামলে তাকে শুভেচ্ছা জানান মন্ত্রিপরিষদ সদস্য, তিন বাহিনী প্রধান এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
গত সোমবার মিয়ানমারের পথে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। সেখানে মিয়ানমারের প্রেসিডেন্ট উ থেইন সেইনের সঙ্গে বৈঠক করেন তিনি।
মিয়ানমারের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা শরণার্থী ফেরত, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, দেশটি থেকে গ্যাস আমদানিসহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হয়।
মিয়ানমার থেকে গত বুধবার প্রধানমন্ত্রী যান ইন্দোনেশিয়ায়। সেখানে বালি দ্বীপে চতুর্থ বালি ডেমোক্রেসি ফোরামে অংশ নেন তিনি। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধোইয়োনোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন হাসিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৮৫৫ ঘ.
bdnews24