চট্টগ্রাম, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় একটি ট্রাকের ধাক্কায় অন্য ট্রাকে থাকা এক পুলিশ সদস্যের স্ত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে ওই পরিবারের তিন জন।
শুক্রবার ভোর সাড়ে ৫টায় বড় কুমিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত স্বপ্না চাকমা (৩২) পুলিশের নায়েক সন্তোষ চাকমার (৩৮) স্ত্রী। সন্তোষ ব্রাক্ষণবাড়িয়া জেলা পুলিশ লাইনে কর্মরত।
আহত হন সন্তোষসহ তাদের দুই সন্তান স্মরণিকা চাকমা (১০) ও মিত্র চাকমা (২)।
হতাহতরা রাঙামাটি জেলার বরকলের শুভলং এলাকার স্থায়ী বাসিন্দা।
মহাসড়ক পুলিশের সীতাকুণ্ড থানার উপপরিদর্শক মো. আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি ট্রাকে কিছু আসবাবপত্রসহ নিজের পরিবারের সদস্যদের নিয়ে রাঙামাটির বাড়িতে যাচ্ছিলেন সন্তোষ।
“চট্টগ্রামমুখী ট্রাকটিকে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে চালকের আসনের পাশে বসা যাত্রীরা সবাই আহত হন।”
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মৃণাল চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহত অবস্থায় চার জনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক স্বপ্না চাকমাকে মৃত ঘোষণা করেন। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পেছন থেকে ধাক্কা দেওয়া ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আরিফুর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/কিউএইচ/১৬৫৫ ঘ.
bdnews24