আগতলা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ-ভারত সীমান্তে অপরাধ দমন ও সহযোগিত বৃদ্ধির লক্ষ্যে মেঘালয়ের রাজধানী শিলংয়ে সোমবার শুরু হচ্ছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সম্মেলন।
চার দিনব্যাপী এ সম্মেলনে বর্ডার গার্ডস বাংলাদেশের (বিজিবি) প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিগ্রেডিয়ার জেনারেল আবু সাঈদ খান। আর ১১ জন সেক্টর কমান্ডার নিয়ে গঠিত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দিল্লীর সিনিয়র ইন্সপেক্টর জেনারেল (আইজি) এসকে মিশ্র।
বিএসএফের একজন কর্মকর্তা জানান, সীমান্তে যৌথ টহল এবং সীমান্তের দুর্বল অংশগুলোতে নিরাপত্তা রক্ষায় দ্রুত তথ্য আদান-প্রদানের মাধ্যমে উন্নত সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করাই এবারের আলোচনায় বেশি গুরুত্ব পাবে।
বাংলাদেশের পক্ষ থেকে আলোচনায় ফেনসিডিল পাচারের বিষয়টি তোলা হবে। অন্যদিকে বাংলাদেশের সীমানার মধ্যে ভারতবিরোধী কার্যক্রম ও বিচ্ছিন্নতাবাদীদের অবস্থান, চোরাচালান, সীমান্তে অপরাধ এবং ভারতীয় মুদ্রা পাচারের বিষয়ে কথা বলবে বিএসএফ কর্তৃপক্ষ।
গত কিছু দিনে বাংলাদেশ-ভারত সম্পর্কের উন্নতির ফলে সীমান্তে গুলি বিনিময় এবং বিএসএফের গুলিতে বাংলাদেশি হতাহতের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। অন্যদিকে বাংলাদেশের সীমানার মধ্যে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের অনেক আস্তানাই উঠে গেছে বলে উল্লেখ করেন বিএসএফ কর্মকর্তারা।
বিএসএফ বলছে, গত দুই বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মনমোহন সিং দুই দেশ সফর করায় কূটনৈতিক সম্পর্কের ইতিবাচক পরিবর্তন ঘটেছে। এর প্রভাব পড়েছে সীমান্তরক্ষী বাহিনী দুটির কার্যক্রমেও।
স¤প্রতি বাংলাদেশের মধ্যে দিয়ে উত্তর-পূর্ব ভারতে পণ্য পরিবহনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। ভারতকে কিছু এলাকার ‘জিরো লাইনে’ বেড়া দেওয়ারও সুযোগ দেওয়া হয়েছে।
অন্যদিকে ভারতের পক্ষ থেকে সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার প্রতিশ্র“তি দেওয়া হয়েছে। সীমান্তে সন্ত্রাসী তৎপরতা, অবৈধ অনুপ্রবেশকারীদের ঠেকানো এবং অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে ভারত সরকার ১৫ হাজার কোটি রুপি ব্যয়ে আলোর ব্যবস্থাসহ বেড়া বসানোর সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪ হাজার ৯৬ কিলোমিটার অভিন্ন সীমান্ত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৬৪৩ ঘ.
bdnews24