২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী

বিজয়ের ৪০ বছর পূর্তি উদযাপনকে কেন্দ্র করে রাজধানীসহ দেশব্যাপী যেকোনো বিশৃঙ্খলা এড়াতে কয়েকটি স্তরে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2011, 03:45 PM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয়ের ৪০ বছর পূর্তি উদযাপনকে কেন্দ্র করে রাজধানীসহ দেশব্যাপী যেকোনো বিশৃঙ্খলা এড়াতে কয়েকটি স্তরে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের এ তথ্য জানান। আইন-শৃঙ্খলায় বিঘœ না ঘটাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গভবনসহ গোটা দেশেই এ নিরাপত্তা থাকবে। পুলিশ, সেনাবাহিনী ও বিজিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থায় থাকবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু জানান, চল্লিশতম বিজয় দিবস উপলক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি স্তরে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হচ্ছে। এবারের বিজয় দিবস ভিন্ন আঙ্গিকে জাতির কাছে উপস্থাপন করা হবে বলে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “নির্বাচনী ইশতেহারে মানবতাবিরোধী অপরাধের বিচার করার অঙ্গীকার ছিল। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিরুদ্ধে এবার বিজয়ের মাসে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বিচারের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।” বিএনপির প্রতি ইঙ্গিত করে শামসুল হক টুকু বলেন, “যারা হত্যা, ধর্ষণ, লুট, অগ্নি সংযোগ করেছিল, তাদের বাঁচাতে রাজনৈতিক নেতারা চেষ্টা চালাচ্ছেন। মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বাঁচাতে বিজয়ের মাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত করছে তারা।” “সে কারণে কয়েকটি স্তরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে,” বলেন তিনি। এ সময় পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারসহ মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২১৪৩ ঘ.