ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একসঙ্গে ছয়টি মেরিন একাডেমি স্থাপন না করে গুণগত মান বজায় রেখে তিনটি করার সুপারিশ দিয়েছে সংসদীয় কমিটি।
বৃহস্পতিবার নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এ সুপারিশ করে।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে একসঙ্গে ছয়টি মেরিন একাডেমি স্থাপনের প্রস্তাব না করে গুণগতমান বজায় রাখার স্বার্থে প্রাথমিকভাবে নারায়ণগঞ্জ, বরিশাল ও খুলনা অথবা বগুড়ায় স্থাপনের প্রস্তাব রাখার পরামর্শ দেয় কমিটি।
বৈঠকে শেখ মুজিব মেরিটাইম বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি)-এ অপারেটর নিয়োগে এখন পর্যন্ত দরপত্র আহবান করতে না পারায় অসন্তোষ প্রকাশ করা হয়।
নিয়মানুযায়ী দরপত্র আহবান করে আগামী বৈঠকে কমিটিকে তা জানাতে বলা হয়েছে।
সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী সভাপতিত্ব করেন। বৈঠকে ছিলেন কমিটির সদস্য নৌপরিবহন মন্ত্রী মো. শাজাহান খান, মো. মজাহারুল হক প্রধান, হাবিবুন নাহার এবং সামশুল হক চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৯২৫ ঘ.
bdnews24