২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে গাড়ি পোড়ানোর ঘটনায় ৮ জন সনাক্ত

বিএনপির হরতাল চলাকালে পুলিশের ওপর হামলা এবং গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার আট জনকে ভিডিও দেখে সনাক্ত করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2011, 12:19 PM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির হরতাল চলাকালে পুলিশের ওপর হামলা এবং গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার আট জনকে ভিডিও দেখে সনাক্ত করেছে পুলিশ। এই আটজন হলেন- এরশাদ আলী (৪০), মো. জাকির (৪০), পাপ্পু ওরফে শান্ত (৩০), জালাল আকমল (৫২), নুরুল ইসলাম (৬০), শহীদুল ইসলাম বাবু (৩১), শেখ মোহাম্মদ সোয়াদ মিয়া (২৭) ও মো. শুক্কুর (২৭)। এদের মধ্যে নুরুল ইসলাম (৬০) ঢাকা মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক। বাকিরা বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের কর্মী বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিডিয়া শাখার সহকারী কমিশনার এস এম আশরাফুজ্জামান। বৃহস্পতিবার দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে তিনি সাংবাদিকদের জানান, গত ৪ ডিসেম্বর হরতালের সময় ঢাকা জজ কোর্ট এলাকা থেকে প্রথম সাতজনকে গ্রেপ্তার করা হয়। আর শুক্কুরকে গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার। “ঘটনার সময়ের ভিডিও ফুটেজ দেখে তাদের সনাক্ত করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদে তারা সবাই পুলিশের ওপর হামলা এবং গাড়িতে অগ্নিসংযোগে জড়িত থাকার কথা স্বীকার করেছে।” ঢাকা সিটি কর্পোরেশন ভেঙে দুটি কর্পোরেশন করার প্রতিবাদে বিএনপি ৪ ডিসেম্বর রাজধানীতে সকাল-সন্ধ্যা এই হরতাল পালন করে। ওইদিন দুপুরে পুলিশ আদালত পাড়ায় বিএনপির মিছিলে বাঁধা দিলে হরতালকারীরা ডজনখানেক গাড়ি ভাংচুর করে এবং পুলিশের একটি ভ্যানে আগুন দেয়। হরতালের রাতেই পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানার দুটি মামলা করে। গাড়ি পোড়ানোর অভিযোগে দ্রুত বিচার আইনে একটি এবং পুলিশকে আহত করার ঘটনায় অপর মামলাটি করা হয়। কোতোয়ালি থানার ওসি মো. সালাউদ্দিন ওইদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “আপাতত গ্রেপ্তার ১০ থেকে ১২ জনকে এই দুই মামলায় আসামি করা হয়েছে। পরে ভিডিও ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এলএইচ/জেকে/১৮০৭ ঘ.