ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট গ্রেনেড হামলার দুই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক শহুদুল হক ও হরকাতুল জিহাদ নেতা আবদুল মালেকের অব্যাহতির আবেদনের শুনানি শেষ হয়েছে।
ঢাকার কেন্দ্রীয় কারাগারের পাশে বিশেষ এজলাসে বৃহস্পতিবার ডিজিএফআই’র সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজ্জাকুল হায়দারের অব্যাহতির আবেদনের আংশিক শুনানিও হয়।
এ নিয়ে ১৬ জনের অব্যাহতির আবেদন শুনানি শেষ হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আকরাম উদ্দিন শ্যামল।
বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিন অব্যাহতির আবেদনের পরবর্তী শুনানির জন্য আগামি ১৩ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেন।
এর আগে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াত নেতা সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সাবেক আইজিপি খোদা বখশ চৌধুরী, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিম, বিএনপি সরকারের সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, পুলিশের সাবেক মহাপরিদর্শক আশরাফুল হুদা, আরিফ হাসান সুমন, হরকাতুল জিহাদ নেতা মাওলানা আবু তাহের, মাওলানা শেখ আব্দুস সালাম, মাওলানা সাব্বির, ইয়াহিয়া ও মুন্সী মুহিবুল্লাহ, লস্কর-ই-তৈয়বার নেতা আবদুল মাজেদ ভাটের অব্যাহতির আবেদন শুনানি শেষ হয়েছে।
পরবর্তী তারিখে হরকাতুল জিহাদ সদস্য গোলাম মোহাম্মদ ও শেখ ফরিদের অব্যাহতির আবেদনের শুনানি হবে।
এ পর্যন্ত এই মামলার আসামিদের অব্যাহতির আবেদনের শুনানির জন্য ১১টি তারিখ ধার্য হয়েছে।
শহুদুল হকের অব্যাহতি আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট টি এম আকবর। আবদুল মালেকের পক্ষে অব্যাহতির আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট তাহসিনুল হক। রেজ্জাকুল হায়দারের অব্যাহতির আবেদনের আংশিক শুনানি করেন অ্যাডভোকেট মো. আহসান।
গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরকের পৃথক দুই মামলায় গত ৩ জুলাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সম্পূরক অভিযোগপত্র দেয়।
গত ৯ অক্টোবর বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৩০ আসামির বিরুদ্ধে এই মামলায় রাষ্ট্রপক্ষে অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষ হয়।
মামলার প্রথম এবং সম্পূরক অভিযোগপত্রের মোট ৫২ আসামির মধ্যে বর্তমানে ১৯ আসামি পলাতক রয়েছেন।
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা হয়। এতে বর্তমান রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হয় বহু নেতা-কর্মী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২০১৪ ঘ.
bdnews24