২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটোচালককে ‘হত্যা করে’ পালানোর সময় পিটুনিতে নিহত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় চালককে জবাই করে তার অটোরিকশা নিয়ে পালানোর সময় গণপিটুনিতে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2011, 01:27 PM

Updated : 24 Aug 2022, 05:20 PM

কুমিল্লা ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় চালককে জবাই করে তার অটোরিকশা নিয়ে পালানোর সময় গণপিটুনিতে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভাইজকরা এলাকায় চালক জাকির হোসেনকে (২২) হত্যার পর ছিনতাইকারীরা অটোরিকশা নিয়ে পালাতে গেলে গণপিটুনির ঘটনা ঘটে। অটোচালক জাকির জেলার সদর দক্ষিণ উপজেলার পেরুল ইউনিয়নের শাসনপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে। গণপিটুনির শিকার সদর দক্ষিণ উপজেলার আটিটি গ্রামের খন্দকার মানিক মিয়ার ছেলে সুজন খন্দকার (২৮) চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা যান। তার অপর সঙ্গী একই গ্রামের তাজুল ইসলামের ছেলে কামাল (২৭) সদর হাসপাতালে চিকিৎসাধীন। এলাকার বাসিন্দা এস এন ইউসুফ সাংবাদিকদের জানান, গণপিটুনির সময় সুজন ও কামাল জানায় চৌদ্দগ্রামের মিয়াবাজার থেকে যাত্রীবেশে জাকিরের নম্বরবিহীন অটোরিকশাটি তারা সদর দক্ষিণের ভুশ্চি পর্যন্ত ভাড়া করে। রাত সাড়ে ৯টার দিকে ভাইজকরায় পৌঁছে ছিনতাইকারীরা জাকিরকে চাপাতি দিয়ে ঘাড়ে কুপিয়ে অটোরিকশা থেকে ফেলে দেয়। এ সময় জাকিরের চিৎকারে এলাকার লোকজন এসে পাশেই অটোরিকশাসহ সুজন ও কামালকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। প্রত্যক্ষদর্শী ইউসুফ জানান, গভীর রাতে পুলিশ এসে জাকিরের লাশ নিয়ে যায় এবং গণপিটুনির শিকার দুজনকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। চৌদ্দগ্রাম থানার ওসি কামরুল হাসান সাংবাদিকদের জানান, ভোর ৫টার দিকে সুজন মারা যান। সকালে কামালকে সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। এ ঘটনায় চালক জাকিরের মামা মোহাম্মদ হোসেন বাদি হয়ে দুই ছিনতাইকারীকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। গণপিটুনির ঘটনায় আরেকটি মামলা হতে পারে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৯২০ ঘ.