ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারা হেফাজতে মারা যাওয়া হাসান সাইদের দাফন হয়েছে আজিমপুর কবরস্থানে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মঞ্জুরের স্বামী সাইদ স্ত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।
কারা হেফাজতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার মারা যান তিনি।
বুধবার জোহরের নামাজের পর পরীবাগ মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে সাইদকে দাফন করা হয় বলে তার পরিবারের সদস্যরা জানান।
সাইদ আত্মহত্যা করেছে বলে গুঞ্জন রয়েছে। অন্যদিকে তাকে হত্যা করা হয়েছে বলে তার পরিবারের অভিযোগ রয়েছে।
বুধবার পর্যন্ত সাইদের ময়না তদন্ত প্রতিবেদন পায়নি পুলিশ বা কারা কর্তৃপক্ষ।
তার খালু রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার বিকালে জানান, হত্যার অভিযোগ এনে মামলার বিষয়ে রাতে পরিবারের সদস্যরা বসে সিদ্ধান্ত নেবেন।
তিনি গত মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, রুমানা মঞ্জুর ও তার পরিবার কৌশলে ‘হত্যা’ করেছে হাসান সাঈদকে। এ জন্য তারা মামলা করবেন।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক রুমানার ওপর নির্যাতন চালিয়ে চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগে গত ১৫ জুন সাইদকে গ্রেপ্তার করে পুলিশ।
কারা কর্তৃপক্ষ জানায়, গ্রেপ্তারের পর থেকেই মানসিক অস্থিরতায় ভুগছিলেন সাঈদ। কারো সঙ্গে কথা বলতেন না।
সাঈদের লাশের সুরতহাল প্রতিবেদনে দুই হাতের কব্জির ওপরের অংশে দড়ি দিয়ে বাঁধার মতো চিহ্ন এবং ঘাড়ের দুইদিকে লালচে দাগ থাকার কথা উল্লেখ রয়েছে।
রুমানাকে নির্র্যাতনের অভিযোগে তার বাবা সাইদের বিরুদ্ধে একটি মামলা করেন। সাইদের মৃত্যু হওয়ায় ওই মামলার চুড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/১৭৩০ ঘ.
bdnews24