ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটে নতুন করে ভর্তি পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ। এ পরীক্ষা হতে হবে আগামী ২১ ডিসেম্বরের মধ্যে।
এ পরীক্ষার বিষয়ে হাইকোর্টের রায় স্থগিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বুধবার দুপুর এই আদেশ দেয়।
গত ২৮ অক্টোবরের পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন করে ভর্তি কার্যক্রম পরিচালনার যে রায় হাইকোর্ট দিয়েছিল, তা স্থগিত করা হয়েছে আপিল বিভাগের আদেশে। এতে বলা হয়েছে, যারা আগের বার ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিল, কেবল তারাই নতুন করে পরীক্ষা দিতে পারবে। নতুন করে কারো পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না।
তবে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিনকে এ পরীক্ষার বাইরে রাখতে বলা হয়েছে।
গত ২৮ অক্টোবর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়ার পর ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হয়। কিন্তু প্রশ্নপত্রে ব্যাপক ভুলের অভিযোগ ওঠায় ফল পুনর্মূল্যায়ন করা হয়। এতে উত্তীর্ণের সংখ্যা প্রায় তিন গুণ বেড়ে যায়। আগে উত্তীর্ণ অনেকের ফলও পরিবর্তন হয়।
এরপরও বিপুল সংখ্যক আপত্তি জমা পড়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ৯ ডিসেম্বর নতুন করে পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয়। এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে গত ২২ নভেম্বর আগের ফলাফলে উত্তীর্ণ ১২ জন শিক্ষার্থী হাইকোর্টে রিট আবেদন করে।
রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট নতুন করে পরীক্ষা না নেওয়ার নির্দেশ দেয়। এর বদলে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের নেতৃত্বে একটি কমিটি করে আগের পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন করতে বলা হয় রায়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই রায়ের বিরুদ্ধে রোববার চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। সোমবার বিচারক সৈয়দ মাহমুদ হোসেন তা শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।
আপিল বিভাগে বিশ্ববিদ্যালয়ের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং রিট আবেদনকারীদের পক্ষে মনজিল মোরসেদ শুনানি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১২৫০ ঘ.
bdnews24