২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তা: মমতা গঠিত কমিশনের প্রতিবেদন এ মাসেই

তিস্তার পানিবণ্টন নিয়ে জটিলতার অবসানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় গঠিত ‘কল্যাণ রুদ্র কমিশন’ চলতি মাসের শেষ দিকে প্রতিবেদন দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2011, 04:52 AM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিস্তার পানিবণ্টন নিয়ে জটিলতার অবসানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় গঠিত ‘কল্যাণ রুদ্র কমিশন’ চলতি মাসের শেষ দিকে প্রতিবেদন দেবে। ভারতীয় নদী বিশেষজ্ঞ কল্যাণ রুদ্রকে উদ্ধৃত করে ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, তিস্তা নদীর পনিবণ্টন নিয়ে দুই দেশের কাছেই গ্রহণযোগ্য একটি সমাধান খোঁজার জন্য কাজ করছেন তিনি। “মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। দুই পক্ষের কাছেই গ্রহণযোগ্য একটি বিজ্ঞানভিত্তিক সমাধান খোঁজার চেষ্টা করছি আমি। আমার বিশ্বাস, দুপক্ষকেই আমি সন্তুষ্ট করতে পারবো। এখনো কিছু কাজ বাকি আছে। তবে এ মাসের শেষ নাগাদ প্রতিবেদন দিতে পারবো বলে আশা করছি।” তিস্তা চুক্তি নিয়ে সৃষ্ট জটিলতার প্রেক্ষাপটে গত ১৫ নভেম্বর কল্যাণ রুদ্রকে এ বিষয়ে সমাধান খোঁজার দায়িত্ব দেন মমতা। মূলত তার আপত্তির কারণেই গত ৬ ও ৭ সেপ্টেম্বর মনমোহন সিংয়ের ঢাকা সফরে এ চুক্তি স্বাক্ষরের বিষয়টি আটকে যায়। এই পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে ট্রানজিটের সম্মতিপত্র বিনিময়ের বিষয়টিও স্থগিত হয়ে যায়। মমতার অভিযোগ ছিল, ভারত সরকার চুক্তির জন্য যে খসড়া তৈরি করেছিল তা তাকে দেখানো হয়নি। যেহেতু তিস্তার পানি পশ্চিমবঙ্গের জন্যও গুরুত্বপূর্ণ, সেহেতু ভারতীয় প্রধানমন্ত্রীর ওই সফর থেকে নিজেকে সরিয়ে নেন মুখ্যমন্ত্রী। তিস্তা চুক্তি না হওয়ায় বাংলাদেশের পাশাপাশি ভারতের গণমাধ্যমেও ব্যাপক সমালোচনা হয়। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভারত সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। এই পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং হতাশা প্রকাশ করে বলেন, চুক্তি না হওয়াটা দুঃখজনক। ভারতে একটি আঞ্চলিক সম্মেলনে যোগ দিয়ে দেশে ফেরার পথে পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি গত নভেম্বরে কলকাতায় মমতার সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে মমতা বলেন, ‘কল্যাণ রুদ্র কমিশন’ যে সুপারিশ করবে- তা তিনি মেনে নেবেন। তবে মমতা এটাও জানিয়ে দেন যে, তার রাজ্য ও বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করেই তিস্তা নদীর পানিবণ্টন নিয়ে চুক্তি হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১০৪৬ ঘ.