গাজীপুর, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত সরকারের টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে ১০ ডিসেম্বর জাতীয় পার্টি ঢাকা থেকে টিপাইমুখ অভিমুখে লং মার্চ করবে বলে ঘোষণা দিয়েছেন এইচ এম এরশাদ।
জাতীয় পার্টির ‘সংবিধান সংরক্ষণ দিবস’ উপলক্ষে মঙ্গলবার বিকেলে গাজীপুরের চান্দনা-চৌরাস্তা এলাকায় জেলা জাতীয় পার্টি আয়োজিত এক জনসভা এরশাদ বলেন, “ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছিলেন। তিনি (মনমোহন সিং) কথা দিয়েছিলেন বাংলাদেশের ক্ষতি হয় এমন কিছু তিনি করবেন না। কিন্তু বাংলাদেশ সফরের দুই থেকে তিন মাস পরেই আমাদের সঙ্গে কথা না বলেই তারা ঘোষণা দিয়েছেন, টিপাইমুখে বাঁধ হবে।”
বাংলাদেশের জনগণ ভারতের এই সিদ্ধান্ত মানবে না মন্তব্য করে তিনি বলেন, “জীবন যাবে কিন্তু টিপাইমুখ মেনে নেব না।”
১৯৯০ সালের ৬ ডিসেম্বর সামরিক শাসক লেফটেন্যান্ট জেনারেল এইচ এম এরশাদ গণবিক্ষোভের মুখে ক্ষমতা থেকে সরে দাঁড়ান। এর পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল দিবসটিকে ‘স্বৈরাচার পতন দিবস’ হিসেবে পালন করে আসছে।
তবে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এ দিনটিকে ‘সংবিধান সংরক্ষণ দিবস’ হিসেবে পালন করে। জাতীয় পার্টি বর্তমান মহাজোট সরকারের অন্যতম শরিক।
টিপাইমুখে বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে ভারতের মনিপুর রাজ্য সরকারের বিনিয়োগ চুক্তির খবর গত ১৮ নভেম্বর প্রকাশ করে বিবিসি। এরপর বিষয়টি নিয়ে বাংলাদেশে উদ্বেগ সৃষ্টি হয়।
দিল্লি সফর করে এসে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী সোমবার বলেন, “টিপাইমুখে বাঁধের কারণে বাংলাদেশের ক্ষতি হবে বলে যে কথাগুলো উঠেছে, তার সবই ভিত্তিহীন।”
এর আগে এ প্রকল্প নিয়ে ঢাকার চিটিল জবাবে নয়া দিল্লি জানায়, বাঁধ নির্মাণ করে টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য বরাক নদীর পানি প্রত্যাহার করা হবে না। ফলে এতে বাংলাদেশের ওপর কোনো বিরূপ প্রভাবও পড়বে না।
পরিবেশ বিশেষজ্ঞদের আশঙ্কা, ভূমিকম্পপ্রবণ এলাকা টিপাইমুখে বাঁধ হলে যদি তা কখনো ভাঙে, তবে সিলেট অঞ্চল পানিতে তলিয়ে যাবে।
এ বাঁধ নির্মাণের বিরোধিতা মনিপুর রাজ্যেও রয়েছে।
ডিসিসি বিভাজন
ঢাকা সিটি কর্পোরেশন বিভক্তির সমালোচনা করে ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক প্রধান এরশাদ বলেন, “বাংলাদেশের রাজধানী এখন কোনটি? ঢাকা উত্তর নাকি ঢাকা দক্ষিণ, তার হিসাব মেলে না। এ নিয়ে এখন আন্দোলন চলছে।”
বর্তমান সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, “দেশের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মানুষের ভাগ্যের পরিবর্তন, ঢাকা শহর রক্ষা ও যানজট নিরসন যদি করতে হয় তবে দেশকে আটটি প্রদেশে ভাগ করুন। দেশে প্রাদেশিক সরকার প্রবর্তন করুন।”
এ প্রসঙ্গে এরশাদ বলেন, “আমি উপজেলা পদ্ধতি প্রবর্তন করেছিলাম। কিন্তু হিংসার বশবর্তী হয়ে তা বাদ দেওয়া হয়েছিলো। তবে বর্তমানে আবার উপজেলা পদ্ধতি প্রবর্তন করা হলেও চেয়ারম্যানদের কোনো ক্ষমতা দেওয়া হয়নি। তাদের ঠুঁটো জগন্নাথ করে রাখা হয়েছে। আবার আমি ক্ষমতায় গেলে তাদের ক্ষমতা দেওয়া হবে।”
এছাড়া প্রস্তাবিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে কাজী মাহমুদ হাসানকে জাতীয় পার্টির একক প্রার্থী হিসেবে আগাম ঘোষণা দেন তিনি।
আমার নাম মুছতে পারেনি
এরশাদ বলেন, “আমাকে মুছে ফেলার চেষ্টা বারবার করা হয়েছে। নামফলক ভেঙে ফেলা হয়েছে। কিন্তু মানুষের মন থেকে আমার নাম মুছে ফেলতে পারেনি।”
এসময় তিনি গানের কথায় সুর মিলিয়ে বলেন, “কাগজে লিখ নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখ নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখ নাম, সে নাম রয়ে যাবে। জাতীয় পার্টির নাম দেশের ১৬ কোটি মানুষের মনের মাঝে লেখা আছে এ নাম কেউ মুছতে পারবে না।”
গাজীপুর জেলা জাতীয় পার্টির সভাপতি কাজী মাহমুদ হাসানের সভাপতিত্বে জনসভায় জাতীয় পার্র্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া, জাতীয় মহিলা পার্টির সভানেত্রী লিলি বেগম এমপি, গাজীপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/পিডি/২২৪১ ঘ.
bdnews24