২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিযবুত তাহরীরের তিন কর্মী গ্রেপ্তার

সিলেটে বিপুল পরিমাণ পোস্টারসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের কর্মী সন্দেহে তিন যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2011, 07:13 AM

Updated : 24 Aug 2022, 05:20 PM

সিলেট, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে বিপুল পরিমাণ পোস্টারসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের কর্মী সন্দেহে তিন যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। এরা হলেন- সিলেটের মদন মোহন কলেজের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আশরাফুল ইসলাম (২১), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. রেজা আনসারী (২২) ও রিফাত হোসেন (২২)। মঙ্গলবার ভোর রাতে নগরীর চৌহাট্টা ও সুবিদবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-৯ এর অধিনায়ক সৈয়দ অনঘ। দুপুর ১২টায় র‌্যাব কার্যালয়ে গ্রেপ্তারকৃতদের সাংবাদিকদের সামনে হাজির করে সৈয়দ অনঘ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌহাট্টা এলাকা থেকে প্রথমে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী পরে সুবিদবাজার এলাকার একটি মেস থেকে রিফাত ও রেজাকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পোস্টারছাড়াও দেশবিরোধী প্রচারণার বিভিন্ন ডকুমেন্টসহ একটি ল্যাপটপ জব্দ করা হয়। গ্রেপ্তাকৃতদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান অনঘ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৩১১ ঘ.