বরিশাল, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাকেরগঞ্জের সেঁজুতি অপহরণ ও আত্মহনন মামলা তুলে নেওয়ার জন্য মা হাফিজা বেগমকে হুমকি দেওয়ার অভিযোগে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আলতাফ মল্লিক রঘুনাথপুর গ্রামের মৃত হোসেন মল্লিকের ছেলে। সোমবার সকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
রঘুনাথপুর গ্রামের সৌদি প্রবাসী ছাদেক মৃধার মেয়ে সেঁজুতি গত ২১ অক্টোবর আত্মহত্যা করেন। এর আগে ১৫ অক্টোবর সন্ধ্যায় সেঁজুতি (১৬) ধর্ষণের শিকার হয়। এরপর ওই তরুণী আত্মহত্যা করে বলে অভিযোগ রয়েছে।
সেঁজুতি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চৈতা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিলেন।
বাকেরগঞ্জ থানার ওসি মো. নুরুল ইসলাম বলেন, গত ১ ডিসেম্বর বাকেরগঞ্জ থানায় একটি জিডি করেন হাফিজা। তিনি অভিযোগ করেন, আলতাফ মল্লিক তাকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে।
এই অভিযোগে সোমবার আলতাফকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে ওসি জানান।
সেঁজুতি অপহরণ ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলার ১০ আসামির মধ্যে নয় জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৩৩ ঘ.
bdnews24