ইসরাইল হোসেন বাবু
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
সিরাজগঞ্জ, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলনবিলের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সরিষা ফুলের হলুদ সমারোহ, দিগন্ত জোড়া মৌমছির গুঞ্জনে মুখরিত চলনবিল।
সরিষা থেকে মধু সংগ্রহের জন্য মধুচাষীরা ক্ষেতে বসিয়েছে বাক্স। মৌমাছিরা মধু আহরণ করে ওই বাক্সে জমাচ্ছে।
উপার্জনের এই দ্বৈত উপায়ে বের করে ভালো আয় আশা করছেন কৃষকরা। তারা আশা করছেন সরিষার বাম্পার ফলন।
এ বছর বর্ষার পানি দ্রুত নেমে যাওয়ায় সরিষার আগাম চাষ করা হয়েছে। চলনবিলের ৯টি উপজেলায় প্রায় ৫০ হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ করেছে কৃষকরা।
তারা বলছেন, অন্য বছরের তুলনায় বীজ, সার এবং শ্রমিকের মজুরি বেশি হওয়ায় সরিষা চাষে খরচ বেশি হলেও ফলন ভালো হওয়ায় উৎপাদন খরচ উঠিয়ে কিছু লাভ থাকবে।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দিঘীসগুনা গ্রামের কৃষক আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক সময় চলনবিলের কৃষকরা শুধু ইরি-বোরো এক ফসলি আবাদ করে জমি পতিত ফেলে রাখত। প্রায় দেড় যুগ ধরে এখন এ অঞ্চলের কৃষকরা ইরি-বোরো ছাড়াও আমন, ভুট্টা, তরমুজ, রসুন, পেঁয়াজ, আলু ও সরিষার আবাদে ঝুঁকেছেন।
কামারশোন গ্রামের কৃষক আব্দুল গফুর ও মাকড়শোন গ্রামের কৃষক ঠান্টুর সঙ্গে কথা বলে জানা যায়, খুব অল্প পরিশ্রমে ৬৫-৭০ দিনেই সরিষা ঘরে তোলা যায়। সরিষা তুলেই ওই জমিতে ইরি ধান লাগানো হয়। ফলে সার কম লাগে, খরচও কম হয়।
তারা বলেন, এবছর সময়মতো বীজ ও সার পাওয়ায় এবং বন্যার পানি দ্রুত নেমে যাওয়ায় চলনবিলে সরিষার আবাদ হয়েছে বেশি।
ঘন কুয়াশা ও খুব বেশি শীত না পড়লে এবং কীট-পতঙ্গের আক্রমণ না হলে এবার সরিষার বাস্পার ফলন হবে বলে মনে করেন গফুর ও ঠান্টু।
তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান জানান, উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সমন্বয়ে মাঠপর্যায়ে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। গত বছর বিঘা প্রতি জমিতে ৪-৬ মণ সরিষা হয়েছিল। এ বছর কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে আরও বেশি সরিষা উৎপাদন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১০০০ ঘ.
bdnews24