২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ না আসায় সালাম ছাড়াই মুক্তিযোদ্ধার দাফন

উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিনে দেশের পতাকা দিলেও পুলিশ না আসায় সশস্ত্র সালাম ছাড়াই মুক্তিযোদ্ধা দুলাল মিয়ার দাফন হয়েছে সোমবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 07:01 PM

Updated : 24 Aug 2022, 05:19 PM

নোয়াখালী, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিনে দেশের পতাকা দিলেও পুলিশ না আসায় সশস্ত্র সালাম ছাড়াই মুক্তিযোদ্ধা দুলাল মিয়ার দাফন হয়েছে সোমবার। এদিন দুপুরে নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর পৌর কবরস্থানে দুপুর সাড়ে ৩টার দিকে হতদরিদ্র দুলালের দাফন সম্পন্ন হয়। সকালে দুলাল মিয়া মারা যান। দুলাল মিয়ার ভাই আলী আকবর এন্তাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুক্তিযোদ্ধা হিসেবে জীবিত থাকতে চিকিৎসা সেবা পায়নি ভাই। আর মরণের পর পাননি শেষ প্রাপ্য মর্যাদাটুকুও।” বাংলাদেশের স্বাধীনতার আগে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ২ নং সেক্টরে যুদ্ধ করেন দুলাল। নিয়ম অনুযায়ী, মুক্তিযোদ্ধার দাফনের সময় রাষ্ট্রের পক্ষে একজন নির্বাহী কর্মকর্তা কফিনে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে সম্মান জানাবেন। সে সময় তার নেতৃত্বে পুলিশ সদস্যরা সশস্ত্র সালাম জানাতে হবে আইনে বলা আছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তফা জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার পক্ষ থেকে বার বার তাগাদা দেওয়া হলেও সময় মতো পুলিশ না আসায় মুুক্তিযোদ্ধা হিসেবে সশস্ত্র সালাম না জানিয়েই দুলাল মিয়ার লাশ কবর দেওয়া হয়। তবে রাষ্ট্রের পক্ষ থেকে তিনি লাশের কফিনে জাতীয় পতাকা দিয়ে সম্মান প্রদর্শন করেন বলে জানান ইউএনও। এ ব্যপারে সুধারাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুক্তিযোদ্ধা দুলাল মিয়ার বিষয়টি দেরিতে জেনেছি। জানার পর পুলিশ লাইনে ফোর্স পাঠাতে বলি।” তিনি বলেন, “কিন্তু কী কারণে বিলম্ব হয়েছে তা জানি না।” দুলাল মিয়ার আরেক ভাই আবদুল ওহাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোনাপুর জিরোপয়েন্টে একটি ফলের দোকানে কাজ করে কোনো রকমে জীবিকা নির্বাহ করতেন দুলাল মিয়া। নিজের কোনো ভিটে না থাকায় স্ত্রী, ৬ ছেলে ও ৩ মেয়ে নিয়ে অন্যের জমিতে খুপড়ি ঘর তুলে বাস করতেন দুলাল। গত তিন মাস ধরে রোগে ভুগছিলেন তিনি। মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডার মোজাম্মেল হক মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুলাল মিয়ার দাফনের কর্মসূচি তারা সুধারাম থানাকে যথা সময়ে অবহিত করেন।” দাফনের সময়সূচি অনুযায়ী ইউএনও দুলালের বাড়িতে উপস্থিত হন। পুলিশ না আসায় পুলিশের সালাম প্রদর্শন ছাড়াই দুপুর ২টা ৫৫ মিনিটে জানাজা শুরু হয়। এরপরও পুলিশ না আসায় সোনাপুর পৌর কবরস্থানে সাড়ে ৩টার তার লাশ দাফন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/পিডি/০০৫৪ ঘ.