ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রিয়েল এস্টেট খাতকে ভ্রাম্যমাণ আদালতের আওতায় আনা সংক্রান্ত প্রজ্ঞাপন কেন অবৈধ হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
আইন সচিব, স্বরাষ্ট্র সচিব ও রাজউকের চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা ওই প্রজ্ঞাপনের কার্যকারিতা চার মাসের জন্য স্থগিত করা হয়েছে।
সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এই রুল জারি করে।
রিয়াল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি নসরুল হামিদ রোববার রিট আবেদনটি করেন।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী।
শুনানি শেষে মেহেদী সাংবাদিকদের জানান, ২০০৯ সালে ভ্রাম্যমাণ আদালত আইন প্রণয়ন করে। এ আইনের আওতায় চলতি বছরের ৮ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে রিয়েল এসেস্ট খাতকে ভ্রাম্যমাণ আদালতের আওতায় আনা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রট দিয়ে বিচারকাজ পরিচালনা করা সুপ্রিম কোর্টের মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থী বলে জানান তিনি।
মাসদার হোসেন মামলার রায়েল পর ২০০৭ সালের ১ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে পৃথক হয় বিচার বিভাগ।
এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিয়ে মাঝেমধ্যেই সমালোচনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএম/পিডি/২১৩১ ঘ.
bdnews24