ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংসদ মহীউদ্দীন খান আলমগীরের বড় ছেলে ড. জালাল আলমগীরের লাশ সোমবার ঢাকায় পৌঁছেছে।
দুপুর ১টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে লাশ বনানীর বাসায় নেওয়া হয়। মঙ্গলবার পর্যন্ত তা বাসায় থাকবে।
মঙ্গলবার জোহরের নামাজের পর বনানী কবরস্থানে জানাযা এবং সেখানেই দাফন হওয়ার কথা রয়েছে তার।
মৃতদেহ পৌঁছার পরপরই বিভিন্নস্তরের লোকজন সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে সাংসদের বাসায় ছুটে যান।
সন্ধ্যায় যারা যান তাদের মধ্যে রয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফসারুল আমীন, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আব্দুস সামাদ, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ প্রমুখ।
থাইল্যান্ডে বেড়াতে গিয়ে গত ৩ ডিসেম্বর সমুদ্রে পানিতে ডুবে মারা যান ড. জালাল।
৪০ বছর বয়সী ড. জালাল যুক্তরাষ্ট্রের বস্টন ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ছিলেন। একবছরের ছুটিতে ঢাকায় আসার পর গত ২ ডিসেম্বর তিনি সস্ত্রীক থাইল্যান্ড যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/পিডি/২০৪০ ঘ.
bdnews24