২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনের ৫ কর্মচারী বরখাস্ত

অবৈধ সুবিধা নিয়ে শিকার নিষিদ্ধ বিভিন্ন খালে জেলেদের মাছ ধরার সুযোগ করে দেওয়ায় পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য কেন্দ্রের পাঁচ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 02:36 PM

Updated : 24 Aug 2022, 05:19 PM

বাগেরহাট, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিচফোর ডটকম)- অবৈধ সুবিধা নিয়ে শিকার নিষিদ্ধ বিভিন্ন খালে জেলেদের মাছ ধরার সুযোগ করে দেওয়ায় পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য কেন্দ্রের পাঁচ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার দুপুরে তাদেরকে সাময়িক বরখাস্তের আদেশ হয় বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো। কর্মচারীরা হলেন- বনপ্রহরী (এফজি) মো. মনিরুজ্জামান, মো. আল আমিন, বোটম্যান (বিএম) আবুল হোসেন, মো. বেলায়েত হোসেন ও মো. মহসীন মিয়া। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে বলে মিহির কুমার দো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তিনি বলেন, গত ২৯ নভেম্বর প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহম্মেদ সুন্দরবন পরিদর্শনে আসেন। তিনি কটকা অভয়ারণ্য এলাকার শিকার নিষিদ্ধ বিভিন্ন খালে জেলেদের মাছ ও কাঁকড়া শিকার করতে দেখেন। এসময় ঘটনাস্থল থেকে নয় জেলেকে আটক করা হয়। এরপর ঘটনা তদন্ত করে পাঁচ কর্মকর্তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায় বলে জানান মিহির কুমার দো। বরখাস্ত কর্মচারীরা অভিযোগ করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রউফের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে জানতে চাইলে মিহির জানান, ঘটনার দিন আব্দুর রউফ ছুটিতে ছিলেন। ফলে তার সম্পৃক্ততার প্রমাণ না মেলায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/২০৩৫ ঘ.