ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার সাত জনকে তিন দিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
এরা হলেন- এরশাদ আলী (৪০), মো. জাকির হোসেন (৪০), মো, পাপ্পু ওরফে শান্ত (৩১), মো. জালাল (৫২), নুরুল ইসলাম খান (৬০), শহিদুল ইসলাম বাবু (৩১) ও শেখ মোহাম্মাদ সোহাগ মিয়া (২৭)।
সোমবার পুলিশের পক্ষ থেকে তাদের পাঁচ দিনের হেফাজত চাওয়া হলে মহানগর হাকিম জুলফিকার হায়াত তিন দিন মঞ্জুর করেন।
এ সময় আসামি পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত তা না মঞ্জুর করে।
ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করার প্রতিবাদে রোববার বিএনপির হরতালে রাজধানীর আদালতপাড়ায় পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায় পৃথক দুইটি মামলা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি মো. সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটক সাতজনের প্রত্যেকে দুটি মামলারই আসামি।
পুলিশের গাড়ি চালক কনস্টবল মো. হাসান আল মামুন এবং কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) বিএম নাজমুল হুদা এ মামলা দুটি করেন।
দুটি মামলাতেই ৩৬ জনকে অন্তর্ভুক্ত করা ছাড়াও অজ্ঞাতনামা আরো দেড়শ থেকে দুইশ জনকে আসামি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিবি/এএইচ/২০৩১ ঘ.
bdnews24