বরিশাল, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাকেরগঞ্জের স্কুলছাত্রী সেঁজুতি অপহরণ ও আত্মহনন মামলার আরো এক আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। ফলে এখন এক আসামি বাইরে রয়েছেন।
সোমবার কারাগারে পাঠানো শামীম আকন উপজেলার বড় রঘুনাথপুর গ্রামের নুর ইসলাম আকনের ছেলে।
শামীম বরিশাল বিচার বিভাগীয় হাকিম মৃত্যুঞ্জয় মিস্ত্রির আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে সে আবেদন প্রত্যাখ্যান করে তাকে কারাগারে পাঠানোর আদেশ হয়।
বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেঁজুতি অপহরণ ও আত্মহননের প্ররোচনা দেওয়ায় অভিযোগে দুটি মামলার ১০ আসামির মধ্যে এখন নয় জনই কারাগারে। আসামিদের মধ্যে শুধু সবুজ মিয়া পলাতক রয়েছেন।
এদিকে, গত বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া আসামি মো. সাইফুল ইসলাম প্যাদাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন হেফাজতের আবেদন করেছে পুলিশ।
এসআই হুমায়ন কবির জানান, বরিশাল জেলা ও দায়রা জজ আদালত থেকে মামলার নথি এলে শুনানির দিন ঠিক করবে আদালত।
রঘুনাথপুর গ্রামের সৌদি প্রবাসী ছাদেক মৃধার মেয়ে সেঁজুতি গত ২১ অক্টোবর আত্মহত্যা করেন। এর আগে ১৫ অক্টোবর সন্ধ্যায় সেঁজুতি (১৬) ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় করা মামলা তুলে নেওয়ার জন্য আসামিরা হুমকি দিলে ওই তরুণী আত্মহত্যা করে বলে অভিযোগ রয়েছে।
সেঁজুতি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চৈতা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/২০২৫ ঘ.
bdnews24