২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

গাজীপুর সদর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি মালবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। গুরতর আহত হয়েছেন অন্তত চার জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 06:57 AM

Updated : 24 Aug 2022, 05:19 PM

গাজীপুর, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি মালবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। গুরতর আহত হয়েছেন অন্তত চার জন। সোমবার ভোর সাড়ে ৬টার দিকে সদর উপজেলার টেক নগপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন- সদর উপজেলার দক্ষিণ শালনা এলাকার আব্দুল খালেকের ছেলে অটোরিকশা চালক নুরুল ইসলাম (৪০) ও অটোরিকশা যাত্রী একই উপজেলার কাথোরা এলাকার বাসিন্দা মজিদ পাটোয়ারীর ছেলে আব্দুর রাজ্জাক পাটোয়ারী (৪৫)। আহতরা হলেন- নিহত রাজ্জাকের স্ত্রী কুলসুমা বেগম (৩২), মেয়ে সুমি আক্তার (১০) ও সুমাইয়া (৮ মাস) এবং কুলসুমার বড় ভাই আব্দুর আজিজ মিয়া (৫৫)। তাদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুমাইয়ার চিকিৎসার জন্য শালনা থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে যাচ্ছিলেন রাজ্জাকের পরিবার। অটোরিকশাটি টেক নগপাড়া এলাকায় পৌঁছালে বিপরীতগামী বালুভর্তি দ্রুতগতির ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। “সংঘর্ষের ফলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকের সামনের দুটি চাকা খুলে যায়। ঘটনাস্থলেই নূরুল ও আব্দুর রাজ্জাক মারা যান।” দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১২৫৪ ঘ.