চট্টগ্রাম, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ব্রিটিশ পাঠ্যসূচির আর্ন্তজাতিক মানের ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনের এক কর্মকর্তা।
রোববার চট্টগ্রামের ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনায় এ কথা বলেন ব্রিটিশ হাইকমিশনের ইউকে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালক জাস্টিন ডেভিস।
এছাড়া চট্টগ্রামে বিনিয়োগে যুক্তরাজ্যের ব্যবসায়ীদের উৎসাহিত করতে ভূমিকা রাখবেন বলেও জানান তিনি।
চট্টগ্রাম চেম্বার সচিব ওসমান গণি চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত এ বৈঠকে চট্টগ্রামের ব্যবসায়ীদের যুক্তরাজ্য যেতে ভিএফএস গ্লোবাল লিমিটেড, চট্টগ্রামের মাধ্যমে ভিসা প্রসেসিংয়ের পুনর্বিবেচনার আশ্বাস দেন ব্রিটিশ কর্মকর্তা।
বৈঠকে চট্টগ্রাম চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীম, সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুল আলম, পরিচালক মাজহারুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/২০১১ ঘ.
bdnews24