ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলশানের মেয়র হাউস ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয় হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক।
এজন্য ইতোমধ্যে সেখানে কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে।
প্রতিমন্ত্রী রোববার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “প্রাথমিকভাবে মেয়র হাউসেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কার্যক্রম শুরু হবে। নতুন প্রশাসকসহ কর্মকর্তারা সেখান থেকেই কাজ চালিয়ে যাবেন। পরবর্তীকালে বনানী কমিউনিটি সেন্টারে এর কার্যক্রম স্থানান্তর করা হবে।”
কমিউনিটি সেন্টারে কর্পোরেশনের কার্যক্রম শুরু করতে অনেক প্রস্তুতির বিষয় রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, এসব সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে। তাই এসব প্রস্তুতি শেষ হওয়ার আগ পর্যন্ত মেয়র হাউসেই চলবে সার্বিক কার্যক্রম।
মেয়র হাউস ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রের বাড়ি। সদ্য বিদায়ী ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা এখনো ওই ভবনেই রয়েছেন।
ঢাকা উত্তরের প্রশাসক হিসেবে রোববারই নিয়োগ পেয়েছেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাজ চলবে আগের নগর ভবনেই। ওই কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খলিলুর রহমান।
ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগের বিল সংসদে পাস হয় গত ২৯ নভেম্বর। বৃহস্পতিবার রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে ওই বিল আইনে পরিণত হয়।
রাষ্ট্রপতির সম্মতির ৯০ দিনের মধ্যে দুই অংশে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। আইন অনুযায়ী দুই অংশে নির্বাচন না হওয়া পর্যন্ত প্রশাসক দায়িত্ব পালন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৭১৪ ঘ.
bdnews24