২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখে বাঁধ হবে মরণফাঁদ: আকবর আলি

ভারতে বরাক নদীর ওপর টিপাইমুখে বাঁধ নির্মাণ হলে বাংলাদেশের জন্য তা ‘মরণফাঁদ’ হবে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2011, 11:10 AM

Updated : 24 Aug 2022, 05:18 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে বরাক নদীর ওপর টিপাইমুখে বাঁধ নির্মাণ হলে বাংলাদেশের জন্য তা ‘মরণফাঁদ’ হবে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান। শনিবার রাজধানীর হোটেল পূর্বানীতে এক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, “টিপাইমুখে বাঁধ হলে পরিবেশগত যে ক্ষতি হবে তা আমাদের জন্য মরণ ফাঁদ ছাড়া আর কিছু নয়।” “তাই বাংলাদেশের ক্ষতি হবে না- এমন আশ্বাস নয়, এ নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করতে হবে”, যোগ করেন তিনি। টিপাইমুখে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য গত জুলাই মাসে কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে মণিপুর রাজ্য সরকার। গত ১৮ নভেম্বর বিষয়টি গণমাধ্যমে এলে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই উপদেষ্টা শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করে এ বিষয়ে কথা বলেন। তারা প্রকল্পের কাজ শুরুর আগেই বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসার তাগিদ দেন। জবাবে ভারতের পক্ষ থেকে আবারো বলা হয়, বাংলাদেশের জন্য ক্ষতিকর কিছু তারা করবে না। সাবেক সচিব আকবর আলি বলেন, ভারত তাদের উত্তর-পূর্ব রাজ্যেগুলোতে ৯৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে। এরই অংশ হিসেবে টিপাইমুখে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে। ভারত ‘যে কোনো’ মূল্যে এ বাঁধ নির্মাণ করবে উল্লেখ করে তিনি বলেন, “ভারতের জনগণ না চাইলেও দিল্লি (কেন্দ্রীয় সরকার) চাইছে বাঁধ নির্মাণ করতে, এ কারণে সেখানে বাঁধ নির্মাণ হবে।” তবে বাংলাদেশ সরকারের এক্ষেত্রে ছাড় দেওয়া উচিত হবে না মন্তব্য করে আকবর আলি বলেন, “আইনগত ও নৈতিক দিক থেকে আমরা সঠিক অবস্থানে আছি, তাই তাদের ছাড় দেওয়া যাবে না। এজন্য সরকারকে টিপাইমুখে বাঁধ সম্পর্কে সঠিক তথ্য জোগাড় করতে হবে।” সাবেক এই উপদেষ্টার বিচারে- ভারত এমন এক প্রতিবেশী দেশ যারা বাংলাদেশের শত্র“ও না; আবার মিত্রও না। তিনি বলেন, “ইতোমধ্যে ভারত তিস্তা নদীর উপর বাঁধ দিয়ে ২১টি জলবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ চালাচ্ছে, এসব প্রকল্পের নামও আমরা অনেকই জানি না। ভারত যেভাবে নদীগুলোতে বাঁধ দিচ্ছে, তাতে আমাদের ভৌগোলিক অবস্থানের পরিবর্তন ঘটবে।” টিপাইমুখে বাঁধ নির্মাণের আগে যৌথ জরিপের দাবি জানিয়ে এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। মনমোহন সিং তার জবাব দিলেও সেখানে কী বলা হয়েছে তা প্রকাশ করেনি বিএনপি। এই বাঁধ নির্মাণের প্রতিবাদে বৃহস্পতিবার সিলেট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে দলটি। ‘টিপাইমুখে বাঁধ: বাংলাদেশ কি করতে পারে এবং কি করা উচিত’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে মানবাধিকার সংগঠন দ্য সেন্টার ফর হিউম্যান রাইটস। এতে অন্যদের মধ্যে সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা ও অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, ডেইলি নিউ নেশনের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, সেন্টার ফর হিউম্যান রাইটসের সেক্রেটারি জেনারেল আব্দুর রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়–য়া ও সাবেক রাষ্ট্রদূত মাসুদ আজিজ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/জেকে/১৭০৬ ঘ.