চট্টগ্রাম, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকার একটি বিদ্যালয়ের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব।
শনিবার বিকেলে ব্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব শুক্রবার মধ্যরাতে পতেঙ্গা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এস এম নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক দল অস্ত্র ব্যবসায়ী অস্ত্র কেনাবেচার জন্য পতেঙ্গা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সোয়া ১২ টার দিকে র্যাবের একটি অভিযান দল সেখানে যায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
নুরুল হুদা জানান, পরে তল্লাশি চালিয়ে স্কুল মাঠের পশ্চিম পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার, দেশে তৈরি একটি পাইপগান, পাঁচ রাউন্ড রিভলবার ও এক রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউ/সিএম/আরএম/১৬৩৯ ঘ.
bdnews24