ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলিস্তানে বাটার শো-রুম ও গুদামে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার ব্রিগেডের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত ১ টার দিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের পাশে বাটা বাজারে আগুন লাগে। ফায়ার ব্রিগেডের ১০টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টার পর ভোর ৪টার পার আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে সকালেও ওই ভবনের তৃতীয় তলার গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে ছাদ ফুটো করে পানি ঢালা শুরু করেন ফায়ার ব্রিগেড কর্মীরা।
ফায়ার ব্রিগেডের পরিচালক (অপারেশন্স) মো. মাহবুব সকাল সাড়ে ১১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তৃতীয় তলার গুদামে এখনো ঢুকতে পারিনি আমরা। সেখান থেকে ধোঁয়া বের হওয়ায় ছাদ ছিদ্র করে পানি ঢালা হচ্ছে।”
ফায়ার ব্রিগেডের মহাপরিচালক আবু নাঈম মো. শহিদুল্লাহ রাতেই ঘটনাস্থলে যান। তিনি সাংবাদিকদের বলেন, “তাৎক্ষণিকভাবে আগ্নিকাণ্ডের কারণ জানা সম্ভব হয়নি। এটা নাশকতামূলক কাজ কি না তাও আমরা খতিয়ে দেখছি।”
বাটার কর্মচারীরা জানান, রাত ১টার দিকে শো-রুমের নিচ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তার দ্রুত উপরের দুটি তলায় ছড়িয়ে পড়ে।
খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করলেও রাবার, কাপড় ও চামড়ার পণ্য থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক সময় লেগে যায় বলে ফায়ার ব্রিগেড কর্মীরা জানান।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব পাওয়া না গেলেও ওই শো রুমের ব্যবস্থাপক মোহাম্মদ হাফিজুর রহমানের দাবি, তিন তলা ভবনটিতে প্রায় চার কোটি টাকার জুতা ছিল। তবে সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ৭ কোটি টাকা হতে পারে বলে তার ধারণা।
এ বিষয়ে বাটার ব্যবস্থাপক (মানব সম্পদ) মো. কামাল হোসেন বলেন, “ক্ষয়ক্ষতির সঠিক হিসাব বের করতে সময় লাগবে।”
এ আগুনে কেউ হতাহত হয়নি। তবে পাশের দুটি ভবনে দোকান পাট বন্ধ রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/০৮৪৫ ঘ.
bdnews24