২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একটি রাসায়নিক কারখানা, ৯ গ্রামবাসীর মানববন্ধন

ঢাকার কেরানীগঞ্জে একটি রাসায়নিক কারখানা সরিয়ে নেওয়ার দাবিতে নয়টি গ্রামের বাসিন্দারা মানববন্ধন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2011, 04:16 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে একটি রাসায়নিক কারখানা সরিয়ে নেওয়ার দাবিতে নয়টি গ্রামের বাসিন্দারা মানববন্ধন করেছে। শুক্রবার সকাল ১১টার দিকে হাসনাবাদ এলাকায় মানববন্ধনের পর জনতার মিছিল থেকে একটি কার্গো জাহাজেও আগুন ধরানো হয় বলে পুলিশ জানিয়েছে। হাসনাবাদ কন্টিনেন্টাল রোডের ‘গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড’ নামে কারখানাটি নিয়ে আপত্তি গ্রামবাসীর। তারা বলছে, এটি জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। গত ১৬ অক্টোবর ওই কারখানার ক্লোরিন ইউনিটের পাইপ ছিদ্র হয়ে আশপাশের এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৪০ জন অসুস্থ হয়ে পড়ে। তারপর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানান মানববন্ধনে অংশ নেওয়া ইকুরিয়া গ্রামের বাসিন্দা আবুল হোসেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুড়িগঙ্গা প্রথম সেতুতে মানববন্ধনের জন্য ইকুরিয়া, হাসনাবাদ, আইন্তা, দোলেশ্বর, পানগাঁওসহ নয়টি গ্রামের মানুষ জড়ো হয়। স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও এতে অংশ নেয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, মানববন্ধনের পর শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি কারখানার কাছাকাছি পৌঁছলে উত্তেজিত জনতা কারখানা লক্ষ করে ইট ছুড়তে থাকে। এক পর্যায়ে জনতা বুড়িগঙ্গা নদীর তীরে নোঙর করা ওই কারখানার একটি কার্গোতে আগুন ধরিয়ে দেয়। অগ্নিনির্বাপক বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক লাখ টাকা। পুলিশ কর্মকর্তা সাখাওয়াত বলেন, জনতা উত্তেজিত হয়ে উঠলেও পুলিশ শান্ত থেকেই পরিস্থিতি সামাল দেয়। তবে গ্রামবাসীর অভিযোগ, পুলিশ তাদের লাঠিপেটা করে এবং এতে কয়েকজন আহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২২১২ ঘ.